মেন্টাল ব্যান্ডউইথ ও মনের ব্লু স্ক্রিন অব ডেথ

আমার এই নিবন্ধটি আধুনিক জীবনে ‘মেন্টাল ব্যান্ডউইথ’ বা মস্তিষ্কের সীমিত ধারণক্ষমতার উপর আলোকপাত করেছে। ঠিক যেমন ওয়াইফাই বা কম্পিউটার RAM অতিরিক্ত লোডে ধীর হয়ে যায়, তেমনি আমাদের জীবনে অসংখ্য দায়-দায়িত্ব (চাকরির চাপ, পারিবারিক সমস্যা, সামাজিকতা) মস্তিষ্কের শক্তি শুষে নেয়। এই অতিরিক্ত মানসিক চাপ আমাদের মস্তিষ্কে ‘RAM সংকট’ তৈরি করে, যার ফলস্বরূপ আসে ‘সিস্টেম ওভারলোড’ বা মনের ‘ব্লু-স্ক্রিন অব ডেথ’—যেখানে সব কাজ বাকি থাকা সত্ত্বেও আমরা অসাড় হয়ে পড়ি। আমি যুক্তি দিয়েছি, ‘সবকিছু সামলানো’ কোনো কৃতিত্ব নয়, বরং নিজেকে হারিয়ে ফেলার নামান্তর। এই পরিস্থিতি এড়াতে আমাদের প্রয়োজন ‘টাইম ম্যানেজমেন্ট’ নয়, বরং ‘অ্যাটেনশন ম্যানেজমেন্ট’ বা মনোযোগ ব্যবস্থাপনা। সমাধান হলো: সচেতনভাবে কিছু দায়িত্ব বা ‘ট্যাব’ বন্ধ করা এবং নিজেকে সুরক্ষিত রাখতে ‘না’ বলতে শেখা।

অক্টোবর 31, 2025 - 00:04
অক্টোবর 31, 2025 - 00:12
 0  10
মেন্টাল ব্যান্ডউইথ ও মনের ব্লু স্ক্রিন অব ডেথ
মেন্টাল ব্যান্ডউইথ ও মনের ব্লু স্ক্রিন অব ডেথ

মানুষ সাধারণত ১০-১২টির বেশি অর্থপূর্ণ সামাজিক ভূমিকা পালন করতে সক্ষম নয়। এবং, ১৫০ জনেরও বেশি মানুষের নাম, পরিচয়, বর্তমান অবস্থা ও অতীত পরিসংখ্যান আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়। কথাগুলো মনগড়া নয়, মনোবিজ্ঞানীরা এমনটাই বলছেন। আমি আজ কথা বলছিলাম বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি টার্ম ‘মেন্টাল ব্যান্ডউইথ’ নিয়ে।

ধরা যাক, আপনি ৫ এমবিপিএস প্যাকেজের ওয়াইফাই ব্যবহার করছেন। যখন ঐ ব্যান্ডউইথে মাত্র দুটো ডিভাইস চলে, তখন ব্রাউজিং বা স্ট্রিমিং বেশ মসৃণ থাকে। কিন্তু একই নেটওয়ার্কে যখন পাঁচটি ডিভাইস যুক্ত হয়, গতি কমে আসে। এরপর যখন আরও ডিভাইস যোগ হতে থাকে, যেমন ধরুন আপনার ভাই গেম খেলছে, বোন অনলাইনে ক্লাস করছে, আর বাবা-মা দুজনেই ভিডিও দেখছেন, তখন আপনার গুরুত্বপূর্ণ কাজটিই বাফারিং-এর চক্করে আটকে যায়। এই নেটওয়ার্ক ব্যান্ডউইথের ধারণাটি আমাদের মেন্টাল ব্যান্ডউইথ বোঝার জন্য একটি চমৎকার উদাহরণ।

আবার আমাদের অতি জনপ্রিয় গুগলের ক্রোম ব্রাউজারের কথা ভাবুন। প্রতিটি নতুন ট্যাব যেমন করে আপনার কম্পিউটারের নির্দিষ্ট পরিমাণের ‘RAM’ দখল করে নেয়, ঠিক তেমন করেই আমাদের মস্তিষ্কের মধ্যে ঘটে চলা সমস্ত দায়-দায়িত্ব, চিন্তা আর উদ্বেগ কিছু-না-কিছু জায়গা নিয়ে নেয়। যেমন: চাকরির পরীক্ষার প্রস্তুতি ও তার ফলাফলের টেনশন, বর্তমান কর্মস্থলে কাজের চাপ, অর্থনৈতিক সংকট, বা পরিবারের কারো অসুস্থতা। এই সমস্তই খুব সাধারণ উদাহরণ। এর বাইরে যখন অতিরিক্ত একাধিক দায়িত্ব আমাদের মস্তিষ্ককে সামলাতে হয়, তখন আমাদের মস্তিষ্কও এক ধরনের ‘RAM’ সংকটে পড়তে বাধ্য এবং স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে।

বাংলাদেশের মতো একটি দেশের প্রেক্ষাপটে আমি একটি ক্লাসরুমের কথা ভাবছি। যেখানে ৭০-৮০ জন ছাত্রছাত্রী আর আপনি একা একজন শিক্ষক। ক্লাসের মোট সময় ৪০-৪৫ মিনিট। আপনি হয়তো উচ্চস্বরে লেকচার দিয়ে একসাথে সবাইকে কিছু বিষয় বোঝাতে পারবেন, কিন্তু প্রত্যেক ছাত্রের সাথে সরাসরি কথা বলা বা ওয়ান-টু-ওয়ান কাউন্টারে যাওয়া প্রায় অসম্ভব। কারণ আপনার হাতে সময় সীমিত।

আপনি মন থেকে চাইলেও একটি আদর্শ ক্লাসের দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন না। আপনার মস্তিষ্কের র‍্যামে সর্বোচ্চ ১০-১৫ জনের নাম হয়তো জায়গা পাবে। কিন্তু বাকি ৬০-৬৫ জনের কী হবে? তাদের নাম আপনার মনে থাকার কথা নয়, এবং থাকবেও না। প্রতিটি নতুন নাম, প্রতিটি নতুন প্রশ্ন, প্রতিটি “স্যার, আমি এই জায়গাটা বুঝিনি” আপনার মস্তিষ্কে একেকটা নতুন ট্যাব খুলে দিচ্ছে। আর এর ফলে পুরোনো ট্যাবগুলো, মানে আপনি যা পড়ানোর পরিকল্পনা করেছিলেন বা যে শিক্ষার্থীদের দিকে আগে মনোযোগ দিয়েছিলেন, তারা ‘স্লো’ হয়ে যাচ্ছে।

ক্লাসের শেষ দিকে যখন কেউ একজন হাত তোলে, আপনি হয়তো বলেন, “হ্যাঁ, বলো...”, কিন্তু আপনার মাথার ভেতরে তখন ঘুরছে, “আচ্ছা! এই ছেলেটার নামটা কী ছিল যেন?”—এটাই মেন্টাল ব্যান্ডউইথের বাফারিং। ৪০ মিনিটে ৭০ জন শিক্ষার্থীর মুখ, তাদের প্রশ্ন, তাদের ভুল-শুদ্ধ সবকিছু হজম করতে গেলে আপনার জ্ঞানীয় নেটওয়ার্ক বা কগনিটিভ নেটওয়ার্ক জ্যাম হয়ে যায়। তাই বাংলাদেশের ক্লাসরুমে ‘ওয়ান-টু-ওয়ান ফিডব্যাক’-এর অভাব শুধু শিক্ষক-ছাত্র অনুপাতের সমস্যা নয়; এটা মানব মস্তিষ্কের হার্ডওয়্যারেরও একটি সীমাবদ্ধতা।

এবার ক্লাসরুমের বাইরে আমাদের দৈনন্দিন জীবনে ফিরে আসা যাক। ধরুন, আপনি পরিবারের বড় ছেলে বা সবচেয়ে দায়িত্ববান সদস্য। আপনাকে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। আপনার কর্মস্থল হয়তো একটি নয়, দুটি। একদিকে ফুল-টাইম চাকরি, অন্যদিকে ফ্রিল্যান্সিং। এর মধ্যে আপনার দাদী বা দাদু ভীষণ অসুস্থ। তার ডাক্তারের প্রেসক্রিপশন আপনার হাতে। প্রতিদিন কোনো না কোনো ঔষধ কিনতে হয়, প্রতি মাসে অন্তত একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়।

আপনার একদিকে নিজের স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে পরিবারের সবাইকে ভালো রাখার স্বদিচ্ছা। দুটোই সমান গুরুত্বপূর্ণ। আপনি একজন সামাজিক মানুষও। আপনার অন্তত ৪-৫ জন ঘনিষ্ঠ বন্ধু আছে। সেই বন্ধুরাও আপনার জীবনের অ্যাপে একেকটা ‘ট্যাব’ খুলে রাখে। একজনের ব্রেক-আপের গল্প শুনতে হচ্ছে, আরেকজনের চাকরি ইন্টারভিউর জন্য শুভকামনা জানাতে হচ্ছে, তৃতীয়জনের স্টার্ট-আপের জন্য ফান্ডিং নিয়ে পরামর্শ দিতে হচ্ছে। প্রতিটি আপডেট আপনার মস্তিষ্কে একটি করে পুশ নোটিফিকেশন পাঠায়। আপনি চাইলেও এগুলোকে উপেক্ষা করতে পারেন না, কারণ সামাজিকতা আপনাকে ‘ভালো বন্ধু’র লেবেলে বেঁধে রাখে।

ফলে, রাত ১২টায় যখন বন্ধুর কান্নার ফোন আসে, আপনি তা ধরতে বাধ্য হন। আপনার মস্তিষ্কের র‍্যামে আরও এক খণ্ড জায়গা দখল হয়ে যায়।

আপনার দুটো কর্মস্থলে দুই ধরনের সহকর্মী, দুই ধরনের কাজ, ফলে দুই ধরনের মানসিক প্রস্তুতি। সহকর্মী ‘ক’-কে তার প্রমোশনের জন্য শুভেচ্ছা জানাতে ভুলে গেছেন, আবার সহকর্মী ‘খ’-এর হতাশায় সান্ত্বনা দিতে পারছেন না। গুগল শিট আর এক্সেলের ফর্মুলা কখন যে মাথায় একাকার হয়ে গেছে আপনি নিজেও জানেন না। দুই বসের কাছেই আপনি জনপ্রিয়, তাই অভিযোগ আর কাজের চাপ দুটোই নিয়মিত পাচ্ছেন।

এর মধ্যেই ফেসবুক খুলে দেখলেন, আপনার প্রোফাইল ছবিটা দীর্ঘদিন ধরে পরিবর্তন করা হয়নি। টুইটারে নতুন হ্যাশট্যাগে কোনো পোস্ট নেই। একদিন কোথাও ঘুরতে যাবেন ভেবে অনলাইনে টিকিটের ট্যাব খুললেন, কিন্তু তার আগেই একটি পপ-আপ ভেসে উঠল: “৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মাত্র ১৫ দিন বাকি!” আপনার মাথার টাস্ক-বারে একটি লাল সতর্কবাতি জ্বলে ওঠে; ছুটির পরিকল্পনাটি অটোমেটিক্যালি মিনিমাইজ হয়ে যায়।

দিনশেষে ভাবলেন, স্ত্রী বা প্রেমিকার সাথে কথা বলে একটু শান্তি পাবেন। কিন্তু ফোন ধরতেই দেখলেন, সে-ও এক দিস্তা অভিযোগ নিয়ে বসে আছে। “তুমি আমাকে একদম গুরুত্ব দাও না... তোমার হাতে আমার জন্য কোনো সময়ই থাকে না... তোমার কাজই তোমার একমাত্র প্রায়োরিটি... আমি তোমার জীবনে কেউ নই...।”

এক মুহূর্তের জন্য আপনি স্তব্ধ হয়ে ভাবলেন, কী করবেন? ফোন তো রেখে দিতে পারছেন না! তাই সম্পর্ক টিকিয়ে রাখতে অন্তত কথা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আপনার কানে শুধু শব্দ ঢুকছে, মস্তিষ্কে তার অর্থ পৌঁছাচ্ছে না। কারণ আপনার মেন্টাল টাস্ক-ম্যানেজারে ৯৯% রিসোর্স ব্যবহার হয়ে গেছে। আপনার পার্টনার যখন শেষ লাইনে বলে, “তুমি আমার সাথে থেকেও আমার সাথে থাকো না!”, আপনি হয়তো উত্তর দেন, “হ্যাঁ, আচ্ছা... বলো...”। কিন্তু আপনার মাথার ভেতরে তখন ঘুরছে, “বিসিএস-এর সিলেবাস শেষ হয়নি, দাদীর রিপোর্টটা আজকেই আনতে হবে!”

এটাই মেন্টাল ব্যান্ডউইথের লাইভ হ্যাং। একটি রোম্যান্টিক মুহূর্তেও আপনার র‍্যাম ফাঁকা নেই; “ভালোবাসি” শব্দটাও যেন ১৪৪পি রেজোলিউশনে লোড হচ্ছে!

এই বড় বড় ট্যাবগুলোর বাইরেও আমাদের মস্তিষ্কে অজস্র ‘ব্যাকগ্রাউন্ড প্রসেস’ চলতে থাকে, যা আমরা খেয়ালও করি না। যেমন: হঠাৎ মনে হলো বাসার গ্যাস ফুরিয়ে যেতে পারে, ছোট ভাইটার রেজাল্ট খারাপ হয়েছে, মায়ের চশমাটা ভেঙে গেছে আর একটা নতুন কিনে দিতে হবে, প্রতিবেশীর বিয়ের দাওয়াত এসেছে, আর আপনার সবচেয়ে পছন্দের শার্টটা এখনও ধোয়া হয়নি। এই সবকিছুই আপনার মেন্টাল র‍্যামের একটা করে পিক্সেল নীরবে দখল করে নিচ্ছে।

এই অবস্থায় আপনি কী করবেন? সব বন্ধ করে দেবেন? পারবেন না। কারণ এই সবকিছুই আপনার জীবনের অংশ। আপনি যদি একটা ট্যাবও বন্ধ করতে চান, তাহলে কেউ না কেউ কষ্ট পাবে। হয়তো দাদী ভাববেন আপনি তাকে ভুলে গেছেন, বন্ধু ভাববে আপনি স্বার্থপর, প্রেমিকা ভাববে আপনি আর তাকে ভালোবাসেন না।

তাই আপনি চুপচাপ সব ট্যাব খোলা রাখেন। আর সেই ট্যাবগুলো একসময় আপনার মাথার ভেতরে একটি অনিবার্য ‘ক্র্যাশ’ ঘটায়। এই ক্র্যাশটা কেমন? রাত ৩টায় হঠাৎ ঘুম ভেঙে গেল, কিন্তু মনে হলো পুরো শরীরটা পাথর হয়ে আছে। মাথার ভেতরে কোনো স্পষ্ট চিন্তা আসছে না, কিন্তু সব চিন্তাই একসাথে ঘুরছে। একই সময়ে মনে হচ্ছে, বিসিএস পড়া বাকি, দাদীর ঔষধ কেনা বাকি, বন্ধুকে কাউন্সেলিং করা বাকি, আর সঙ্গীকেও সময় দেওয়া বাকি। কিন্তু আপনি বিছানায় অসাড় হয়ে শুয়ে আছেন, আর মনে হচ্ছে আপনি কিছুই করতে পারবেন না।

এই হলো মেন্টাল ব্যান্ডউইথের ‘সিস্টেম ওভারলোড’ বা মনের ‘ব্লু -স্ক্রিন অব ডেথ’। তাহলে এর সমাধান কী? শুধু ‘টাইম ম্যানেজমেন্ট’ নয়, এর সমাধান হলো ‘অ্যাটেনশন ম্যানেজমেন্ট’ বা মনোযোগ ব্যবস্থাপনা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কোন ট্যাবগুলো আসলে ‘অটো-প্লে’ হচ্ছে, যা আপনার শক্তি নষ্ট করছে কিন্তু কোনো কাজে আসছে না।

নিজেকে প্রশ্ন করুন: আপনি কি সত্যিই প্রতিটি বন্ধুর ব্রেক-আপে প্রধান কাউন্সেলর হতে চান? নাকি শুধু একজন সহানুভূতিশীল শ্রোতা হিসেবে পাশে থাকতে চান? আপনি কি সত্যিই যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রতিটি চাকরির আবেদন করতে চান, শুধু “যদি লেগে যায়” এই ভেবে?

একটা কথা মনে রাখবেন, আপনার মস্তিষ্ক কোনো ‘আনলিমিটেড ডেটা’ প্যাকেজ নয়। এটা একটি ‘লিমিটেড ব্যান্ডউইথ’ যুক্ত ছোট্ট, কিন্তু শক্তিশালী সার্ভার। আপনি যদি একে না থামান, তাহলে একদিন এটি নিজেই নিজেকে থামিয়ে দেবে। আর তার প্রকাশ ঘটবে বিষণ্ণতা, অবসাদ, প্যানিক অ্যাটাক, বা পুরোপুরি শাটডাউনের মাধ্যমে।

তাই আজই একটি কাজ করুন। একটি কাগজে লিখে ফেলুন: “আমি আজ কোন তিনটি ট্যাব সচেতনভাবে বন্ধ করব?” শুধু তিনটি। বাকিগুলো আপাতত চলুক। কিন্তু ওই তিনটি ট্যাব বন্ধ করার জন্য কাউকে দৃঢ়ভাবে “না” বলুন। কাউকে বলুন “আজ নয়, অন্যদিন”। কাউকে সততার সাথে বলুন “আমি এখন এটা পারছি না”।

এটাই সাহস। এটাই মেন্টাল ব্যান্ডউইথ বাঁচানোর প্রথম পদক্ষেপ। কারণ শেষ পর্যন্ত টিকে থাকতে হলে আপনাকে বুঝতে হবে, “সবকিছু সামলানো” কোনো বীরত্ব নয়। সবকিছু সামলাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলাই সবচেয়ে বড় পরাজয়। আর সেই পরাজয়ের নামই, ‘মেন্টাল ব্যান্ডউইথ এক্সহস্টেড’

আপনার প্রতিক্রিয়া কী?

পছন্দ পছন্দ 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 1
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখজনক দুঃখজনক 0
চমৎকার চমৎকার 1
মোঃ মেহেদি হাসান আমার পুরো নাম: মোঃ মেহেদি হাসান। কলম নাম: মি. বিকেল। আমি ‘অভিযাত্রী (Oviyatri)’ ওয়েবসাইটের প্রধান সম্পাদক ও পরিচালক। আমি পেশায় একজন লেখক ও ব্লগার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ন করেছি। আমার লেখা প্রথম বই ‘জোনাকিরা সব ঘুমিয়ে গেছে (ছোট গল্প সংকলন)’ প্রকাশিত হয় গত ২০ ডিসেম্বর, ২০২০ সালে ভারতে এবং ১ম জানুয়ারী, ২০২১ সালে বাংলাদেশে। বইটি বর্তমানে রকমারি.কম -এ উপলব্ধ। বর্তমানে আমি একটি স্কুল এন্ড কলেজে শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি। এছাড়াও আমি মাইক্রোসফটে ডেভেলপার প্রোগ্রামে গত ২০২৩ সালের জানুয়ারী মাস থেকে কাজ করে যাচ্ছি। আমি গত ২৫ আগস্ট, ২০২১ সালে ‘দ্য ব্যাকস্পেস’ নামক একটি প্রতিষ্ঠান চালু করি। বর্তমানে এই ওয়েবসাইট পরিচালিত হচ্ছে ‘দ্য ব্যাকস্পেস’ প্রতিষ্ঠানের টিম কতৃক। আমার সম্পর্কে বা আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে অথবা, আমাদের সাথে কাজ করার আগ্রহ থাকলে যোগাযোগ করুন: [email protected] -এই ঠিকানায়। অভিযাত্রীতে আপনাকে স্বাগতম! (License notice - applies to this profile photo only: This photo is licensed under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0). License: https://creativecommons.org/licenses/by-sa/4.0/, Attribution: MD Mehedi Hasan, Source: https://oviyatri.com/profile/mrbikel)