ডার্ক ট্রায়াড: অন্যকে “টক্সিক” বলার আগে নিজের দিকেও তাকান

নার্সিসিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম ও সাইকোপ্যাথির অন্ধকার জোট কীভাবে মানুষ, সম্পর্ক ও ক্ষমতাকে প্রভাবিত করে এবং অন্যকে “টক্সিক” বলার আগে কেন নিজের আচরণও দেখা জরুরি।

প্রকাশিত:
হালনাগাদ:
 ০  ২
ডার্ক ট্রায়াড: অন্যকে “টক্সিক” বলার আগে নিজের দিকেও তাকান
আয়নার সামনে দাঁড়ানো একটি অবয়বের প্রতিফলনে তিনটি মুখ, দাবার রাজা ও স্বচ্ছ হৃদয়ের প্রতীক; পাশে লেখা ‘ডার্ক ট্রায়াড, অন্যকে বলার আগে নিজের দিকে তাকান’।

DARK PSYCHOLOGY 101

“টক্সিক”, “নার্সিসিস্ট” কিংবা “সাইকোপ্যাথ” এখন আমাদের সামাজিক অভিধানের সহজ গালি। কিন্তু প্রকৃত ক্ষতিকর আচরণ কতটা নির্মম হতে পারে, তা আমরা সত্যিই বুঝি তো?

শুরুতেই সতর্কতা: ডার্ক সাইকোলজি নিয়ে আলোচনার উদ্দেশ্য কারও দুর্বলতা, আবেগ বা বিশ্বাসকে নিজের স্বার্থে ব্যবহারের কৌশল শেখানো নয়। উদ্দেশ্য হলো ক্ষতিকর আচরণের পুনরাবৃত্ত ধরন চিনতে শেখা, যাতে মানুষ খুব সহজে আমাদের ব্যবহার, অপব্যবহার কিংবা দীর্ঘস্থায়ী মানসিক অশান্তির মধ্যে ঠেলে দিতে না পারে।

ডার্ক সাইকোলজি নিয়ে এটি আমার দশম কিস্তি। এবারের আলোচনার বিষয় ডার্ক ট্রায়াড (Dark Triad)।

ব্যক্তিত্ব মনোবিজ্ঞানে তিনটি সামাজিকভাবে ক্ষতিকর এবং পরস্পর-সম্পর্কিত বৈশিষ্ট্যকে একত্রে বোঝাতে ডার্ক ট্রায়াড ধারণাটি ব্যবহৃত হয়:

১. নার্সিসিজম

Narcissism

২. ম্যাকিয়াভেলিয়ানিজম

Machiavellianism

৩. সাইকোপ্যাথি

Psychopathy

তবে শুরুতেই সীমারেখাটি পরিষ্কার রাখা জরুরি। ডার্ক ট্রায়াড কোনো ক্লিনিক্যাল রোগনির্ণয় নয়। এটি মানুষের মধ্যে মাত্রাভেদে থাকা তিনটি ব্যক্তিত্ব-বৈশিষ্ট্যের একটি গবেষণামূলক কাঠামো। এখানে ব্যবহৃত নার্সিসিজমও স্বয়ংক্রিয়ভাবে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার নয়। একইভাবে, কোনো একদিন কেউ আত্মকেন্দ্রিক আচরণ করল, মিথ্যা বলল কিংবা রেগে গেল বলেই সে নার্সিসিস্ট, ম্যাকিয়াভেলিয়ান বা সাইকোপ্যাথ হয়ে যায় না।

গুরুত্বপূর্ণ হলো আচরণটির মাত্রা, স্থায়িত্ব, উদ্দেশ্য এবং অন্য মানুষের ওপর তার প্রভাব।

“টক্সিক” শব্দটি কি আমরা খুব সহজে ব্যবহার করছি?

সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা প্রায়ই শুনি, অমুক মানুষটি খুব “টক্সিক”। কারও সঙ্গে মতের অমিল হলো, প্রেম ভেঙে গেল, বন্ধুত্ব টিকল না কিংবা কেউ আমাদের প্রত্যাশামতো আচরণ করল না, সঙ্গে সঙ্গে তাকে টক্সিক বলে ঘোষণা করে দিলাম।

শব্দটি এত বেশি ব্যবহৃত হচ্ছে যে অনেক সময় এর প্রকৃত গুরুত্বই হারিয়ে যাচ্ছে। আরও মজার ব্যাপার হলো, নিজেকে ছাড়া বাকিদের টক্সিক বলে বেড়ানো মানুষটিই কখনো কখনো ঘরের সবচেয়ে বিষাক্ত মানুষ।

কাউকে টক্সিক বলার আগে অন্তত দেখতে হবে, তার আচরণ কি নিয়মিতভাবে অন্যকে নিয়ন্ত্রণ, অপমান, প্রতারণা বা শোষণ করছে? সে কি বারবার নিজের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে দিচ্ছে? তার উপস্থিতিতে কাছের মানুষ কি ক্রমাগত ভীত, বিভ্রান্ত কিংবা মানসিকভাবে ভেঙে পড়ছে?

একটি বিচ্ছিন্ন ঘটনা এবং একটি স্থায়ী ক্ষতিকর আচরণগত ধরন এক নয়। তাই অন্যকে ট্যাগ করার সময় যেমন সাবধান হওয়া দরকার, তেমনি বারবার ক্ষতিকর আচরণের শিকার হয়ে সেটিকে “মানিয়ে নেওয়া” বা “মানুষটা এমনই” বলে উপেক্ষা করাও বুদ্ধিমানের কাজ নয়।

নার্সিসিজম: পৃথিবী কি শুধু “আমি”কে ঘিরে ঘোরে?

ডার্ক ট্রায়াডের প্রথম বৈশিষ্ট্য নার্সিসিজম বা আত্মমুগ্ধতা।

উচ্চ মাত্রার নার্সিসিস্টিক বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির কথাবার্তার কেন্দ্র প্রায় সব সময় তিনি নিজেই। আমি কী করেছি, আমি কতটা গুরুত্বপূর্ণ, আমি কী পেয়েছি, অন্যরা আমাকে কেন যথেষ্ট মূল্য দিল না, এসব প্রশ্নেই তাঁর পৃথিবী ঘুরতে থাকে। তিনি শুধু নিজের জীবনের প্রধান চরিত্র নন, অন্য সবার জীবনেও প্রধান চরিত্র হতে চান।

নিজের অর্জনের স্বীকৃতি প্রত্যাশা করা অস্বাভাবিক নয়। আমরা সবাই কমবেশি প্রশংসা পেতে চাই। সমস্যা শুরু হয় তখন, যখন প্রশংসার চাহিদা সীমাহীন হয়ে ওঠে এবং অন্য মানুষের সাফল্য, অনুভূতি বা প্রয়োজন তাঁর কাছে গুরুত্ব হারিয়ে ফেলে।

তিনি নিজের ভুল সহজে স্বীকার করতে চান না। সমালোচনাকে পরামর্শ হিসেবে না দেখে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেন। নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য কাছের মানুষকে ছোট করা, তার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া কিংবা তাকে ক্রমাগত নিজের তুলনায় হীন মনে করানোও এই আচরণের অংশ হতে পারে।

কাউকে সাহায্য করলেও সেই সাহায্যের সঙ্গে সামাজিক স্বীকৃতি, প্রশংসা কিংবা ভবিষ্যৎ আনুগত্যের শর্ত জুড়ে থাকতে পারে। তাঁর ভালো কাজটিও মানুষ দেখল কি না, সেটি ভালো কাজটির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

জনপ্রিয় গানের ভাষায়, “ম্যায় ইতনি সুন্দর হুঁ, ম্যায় ক্যা করুঁ?” আমার অবশ্য বলতে ইচ্ছা করে, “আত্মবিশ্বাস ভালো কথা, কিন্তু পৃথিবীর বাকি মানুষগুলোকে আয়না ভেবেছেন কেন?”

নিজেকে ভালোবাসা সমস্যা নয়। নিজেকে ভালোবাসতে গিয়ে অন্য সবাইকে তুচ্ছ মনে করাই সমস্যা।

ম্যাকিয়াভেলিয়ানিজম: মানুষ যখন সম্পর্ককে দাবার বোর্ড ভাবে

দ্বিতীয় বৈশিষ্ট্য ম্যাকিয়াভেলিয়ানিজম।

নামটি এসেছে ইতালীয় চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলির নাম থেকে। তিনি ১৫১৩ সালে The Prince বা দ্য প্রিন্স রচনা করেন। বইটি তাঁর মৃত্যুর পর ১৫৩২ সালে প্রকাশিত হয়। তবে আধুনিক মনোবিজ্ঞানের ম্যাকিয়াভেলিয়ানিজমকে শুধু ওই বইয়ের সারাংশ ভাবলে ভুল হবে। এখানে এমন একটি ব্যক্তিত্ব-বৈশিষ্ট্য বোঝানো হয়, যেখানে মানুষ সামাজিক সম্পর্ককে কৌশল, প্রভাব এবং ব্যক্তিগত স্বার্থ অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করে।

উচ্চ মাত্রার ম্যাকিয়াভেলিয়ান বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি মানুষকে মানুষ হিসেবে না দেখে ঘুঁটি হিসেবে দেখতে পারেন। কে তাঁর কোন কাজে লাগবে, কার দুর্বলতা কোথায়, কাকে কতটুকু তথ্য দেওয়া উচিত এবং কোন তথ্য গোপন রাখলে পরে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে, এসব হিসাব তাঁর মাথায় চলতে থাকে।

তিনি চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারেন। আবার সরাসরি মিথ্যা না বলেও প্রয়োজনীয় তথ্য লুকাতে পারেন, আংশিক সত্য বলতে পারেন কিংবা এমনভাবে প্রসঙ্গ সাজাতে পারেন, যাতে আপনি নিজেই ভুল সিদ্ধান্তে পৌঁছান। পরে তিনি বলবেন, “আমি তো মিথ্যা বলিনি।” সত্যি, বলেননি। শুধু সত্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশটি পকেটে রেখে দিয়েছিলেন।

এই ধরনের ব্যক্তির কাছে সত্যের মূল্য নির্ধারিত হয় সত্যটি তাঁর স্বার্থ রক্ষা করছে কি না, তার ওপর।

তিনি নিয়ন্ত্রণ হারাতে পছন্দ করেন না। পরিবারে অনুষ্ঠান হলে তাঁর পরিকল্পনা অনুযায়ী হতে হবে। সম্পর্কে থাকলে পার্টনারকে তাঁর নিয়মে চলতে হবে। সংগঠনে থাকলে সিদ্ধান্ত তাঁর মত অনুযায়ী হতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছালে একই মানসিকতা আরও বড় আকার নিতে পারে। তখন প্রতিষ্ঠান, আইন, নৈতিকতা এবং মানুষের মতামত সবকিছুই ব্যক্তিগত ইচ্ছার সামনে অপ্রয়োজনীয় বাধা মনে হয়।

কর্তৃত্ববাদ আকাশ থেকে পড়ে না। পরিবারের খাবার টেবিলে যে মানুষটি সবার কথা থামিয়ে শুধু নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়, সুযোগ ও ক্ষমতা পেলে সে অফিস, সংগঠন কিংবা রাষ্ট্রেও একই কাজ করতে পারে। মঞ্চ বড় হয়, মাইক্রোফোন বড় হয়, ক্ষতির পরিমাণও বড় হয়। চরিত্রটি খুব বেশি বদলায় না।

অন্যের ভালো সিদ্ধান্তও তিনি প্রত্যাখ্যান করতে পারেন, কারণ সিদ্ধান্তটি তাঁর কাছ থেকে আসেনি। অন্যের পরিকল্পনায় চলতে হলে তাঁর মনে হয়, তিনি প্রভাব হারিয়ে ফেলেছেন। বিপরীতে নিজের বাজে সিদ্ধান্তের ফল খারাপ হলেও সেটিকে সঠিক প্রমাণ করার জন্য নতুন যুক্তি, নতুন শত্রু এবং নতুন গল্প তৈরি করতে থাকেন।

সম্পর্কে আমরা সবাই কিছু বিষয়ে আপস করি, কিছু মেনে নিই এবং কিছু ছেড়ে দিই। কিন্তু ম্যাকিয়াভেলিয়ান আচরণে আপসটি সাধারণত একমুখী। আপনি ছাড় দেবেন, তিনি সুবিধা নেবেন। আপনি তাঁর অনুভূতি বুঝবেন, তিনি আপনার অনুভূতিকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবেন।

নীতি ও নৈতিকতার প্রশ্নেও তিনি সুবিধাবাদী হতে পারেন। যে নীতিটি আজ তাঁর পক্ষে, আজ সেটিই চূড়ান্ত সত্য। কাল একই নীতি তাঁর বিপক্ষে গেলে তিনি নতুন ব্যাখ্যা খুঁজে নেবেন। আইন তাঁর শত্রুর জন্য কঠোর, নিজের জন্য নমনীয়। নৈতিকতা অন্যকে শাসনের যন্ত্র, নিজেকে নিয়ন্ত্রণের নিয়ম নয়।

অভিনয়েও তিনি দক্ষ হতে পারেন। কখন হাসতে হবে, কখন কাঁদতে হবে, কখন দুর্বল সাজতে হবে এবং কখন ভালোবাসা দেখাতে হবে, সবই হতে পারে একটি পরিকল্পনার অংশ। মানুষ তাঁর কান্না দেখে নরম হলো, অপরাধবোধে ভুগল এবং শেষ পর্যন্ত তিনি যা চাইছিলেন, সেটিই করে দিল। পরে বোঝা গেল, অনুভূতিটি না থাকলেও অনুভূতির প্রদর্শনটি নিখুঁত ছিল।

লক্ষ্যে পৌঁছাতে তিনি মিথ্যা হাসতে পারেন, মিথ্যা কাঁদতে পারেন এবং প্রয়োজন হলে মাঝরাস্তায় নেচেও দেখাতে পারেন। মর্যাদা গেল কি না, সেটি তাঁর প্রশ্ন নয়। কাজটি হলো কি না, সেটিই প্রশ্ন।

সাইকোপ্যাথি: অনুতাপ, সমানুভূতি ও আবেগগত শীতলতার প্রশ্ন

তৃতীয় বৈশিষ্ট্য সাইকোপ্যাথি।

আমরা কথায় কথায় মজা করে বলি, “এই, তুমি সাইকোপ্যাথ নাকি?” শব্দটি যত সহজে উচ্চারণ করি, ধারণাটি তত সহজ নয়।

উচ্চ মাত্রার সাইকোপ্যাথিক বৈশিষ্ট্যের মধ্যে অনুতাপের অভাব, আবেগের অগভীরতা, আবেগগত সমানুভূতির ঘাটতি, অর্থাৎ অন্যের কষ্টের সঙ্গে আবেগগতভাবে যুক্ত হওয়ার সীমাবদ্ধতা, দায়িত্বজ্ঞানহীন ঝুঁকি, আবেগ নিয়ন্ত্রণের সমস্যা এবং কখনো আক্রমণাত্মক বা অসামাজিক প্রবণতা থাকতে পারে।

গুরুত্বপূর্ণ সীমারেখা: সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য থাকা মানেই কেউ খুনি, ধর্ষক কিংবা সহিংস অপরাধী নয়। আবার কেউ নিষ্ঠুর বা অপরাধী হলেই মনোবৈজ্ঞানিক মূল্যায়ন ছাড়া তাকে সাইকোপ্যাথ বলা যায় না। বৈশিষ্ট্য এবং ক্লিনিক্যাল বা ফরেনসিক মূল্যায়ন এক জিনিস নয়।

এই বৈশিষ্ট্য শুধু প্রকাশ্য সহিংসতার মধ্যে দেখা যায় না। কেউ অনুতাপ ছাড়াই বারবার প্রতারণা করতে পারে, নিজের আনন্দের জন্য অন্যকে অপমান করতে পারে, ধারাবাহিকভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারে কিংবা আকর্ষণীয় ব্যক্তিত্ব ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করার পর সেই বিশ্বাস ভাঙতে পারে।

আবার আচরণটি আরও দৃশ্যমানও হতে পারে। কেউ আপনার যত্নে গড়ে তোলা বাগান নষ্ট করল, পোষা প্রাণীকে আঘাত করল, নতুন ল্যাপটপের পর্দায় আঁচড় দিল কিংবা গাড়ির চাকা ফুটো করে দিল। আপনি কারণ জানতে চাইলে সে এমন উত্তর দিল, যেখানে আপনার ক্ষতি বা যন্ত্রণার কোনো গুরুত্বই নেই।

শুধু ক্ষতি করাই এখানে মূল বিষয় নয়। ক্ষতি দেখেও অনুতাপ না হওয়া, নিজের দায় স্বীকার না করা এবং কাজটিকে স্বাভাবিক, ন্যায্য কিংবা নিজের অধিকার হিসেবে চালিয়ে দেওয়াটিই বেশি উদ্বেগের।

কেউ আপনার মানিব্যাগ থেকে টাকা চুরি করল। ধরা পড়ার পর লজ্জিত হওয়ার বদলে বলল, “তোমার তো আরও টাকা আছে।” অর্থাৎ নিজের কাজের দায় নেওয়ার বদলে আপনার কাছে কত টাকা আছে, সেটিকেই চুরির নৈতিক অনুমতিপত্র বানিয়ে ফেলল।

এই তো সেদিন এক ব্যক্তি চায়ের দোকানে আমার সামনে বসে বলছিলেন, তিনি কীভাবে তাঁর স্ত্রীকে মারধর করেন। শুধু বলেই থামেননি, স্ত্রীকে পেটানোর তথাকথিত সুফলও উপস্থিত সবাইকে বোঝাচ্ছিলেন।

তাঁকে সাইকোপ্যাথ ঘোষণা করার প্রয়োজন নেই। তাঁর আচরণের জন্য চমকপ্রদ কোনো মনোবৈজ্ঞানিক লেবেলও দরকার নেই। স্ত্রীকে মারধর করা নির্যাতন। নির্যাতনকে গর্বের সঙ্গে বর্ণনা করা ভয়াবহ এবং নিন্দনীয়। ননসেন্সকে বৈজ্ঞানিক শব্দ পরিয়ে ভদ্র করারও প্রয়োজন নেই।

সব নিষ্ঠুর আচরণের ব্যাখ্যা দিতে রোগনির্ণয় লাগে না। কখনো মানুষটি যা করছে, সেটিকে তার প্রকৃত নামেই ডাকতে হয়।

তিনটি বৈশিষ্ট্য একসঙ্গে থাকলে কী ঘটে?

এবার নার্সিসিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম এবং সাইকোপ্যাথির বৈশিষ্ট্যগুলো এক জায়গায় রাখুন।

  • তিনি নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করেন।
  • নিজের স্বার্থে মানুষকে পরিকল্পিতভাবে ব্যবহার করেন।
  • অন্যের ক্ষতি তাঁর মধ্যে যথেষ্ট অনুতাপ তৈরি করে না।
  • সমালোচনা সহ্য করতে পারেন না।
  • মানুষের আবেগ বুঝে সেটিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেন।
  • নিজের কাজের দায় অন্য মানুষের ওপর চাপিয়ে দেন।
  • সম্পর্ক, পরিবার, প্রতিষ্ঠান কিংবা ক্ষমতা নিজের নিয়ন্ত্রণে রাখতে চান।

এমন একজন মানুষের সঙ্গে সম্পর্ক কতটা ক্লান্তিকর, বিভ্রান্তিকর এবং ক্ষতিকর হতে পারে, তা অনুমান করা কঠিন নয়। তবে এখানেও মনে রাখতে হবে, একটি অনলাইন তালিকার কয়েকটি বাক্য মিলে গেলেই কাউকে ডার্ক ট্রায়াডের জীবন্ত নমুনা ঘোষণা করা যায় না।

“টক্সিক”, “নার্সিসিস্ট” কিংবা “সাইকোপ্যাথ” শব্দগুলো যদি কাউকে অপমান করার নতুন অস্ত্র হয়ে ওঠে, তাহলে মনোবিজ্ঞান শেখার নামে আমরাও একই ক্ষমতার খেলায় ঢুকে পড়ি।

নাম নয়, আচরণ দেখুন

  • সে কি নিয়মিত মিথ্যা বলে কিংবা প্রয়োজনীয় সত্য গোপন করে?
  • আপনার সীমারেখা বারবার লঙ্ঘন করে?
  • আপনাকে ছোট করে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে?
  • ভয়, অপরাধবোধ বা আবেগ ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করে?
  • নিজের ভুলের দায় আপনার ওপর চাপিয়ে দেয়?
  • আপনার সিদ্ধান্ত, সম্পর্ক বা স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে চায়?
  • হুমকি, অপমান, প্রতারণা কিংবা সহিংসতাকে নিয়মিত কৌশল হিসেবে ব্যবহার করে?

উত্তর যদি বারবার “হ্যাঁ” হয়, তাহলে মানুষটির জন্য সঠিক মনোবৈজ্ঞানিক লেবেল খোঁজার চেয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি। প্রয়োজন অনুযায়ী সীমারেখা নির্ধারণ করুন, বিশ্বস্ত মানুষের সহায়তা নিন এবং সহিংসতা বা নির্যাতনের ঝুঁকি থাকলে উপযুক্ত পেশাগত ও আইনি সহায়তা গ্রহণ করুন।

এবার আয়নাটি নিজের দিকে ফেরান

আমরা খুব সহজে অন্যকে টক্সিক বলে ফেলি। নিজের দিকে তাকানো তুলনামূলক কঠিন। আমি কি অন্যের ওপর নিজের মতামত চাপিয়ে দিই? নিজের ভুল স্বীকার করি? অন্যের কষ্ট শুনি? প্রয়োজনীয় তথ্য গোপন করে কাউকে নিয়ন্ত্রণ করি? সমালোচনা শুনে যুক্তির উত্তর দিই, নাকি মানুষটিকেই আক্রমণ করি?

ডার্ক ট্রায়াড নিয়ে পড়ার সবচেয়ে বড় উপকার অন্য মানুষকে নতুন নামে গালি দেওয়া নয়। বরং নিজের আচরণের অন্ধকার জায়গাগুলো শনাক্ত করার সাহস অর্জন করা।

মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা, কৌশল, অহংকার, রাগ কিংবা আবেগগত দূরত্ব কিছু মাত্রায় থাকতেই পারে। একটি বৈশিষ্ট্যের উপস্থিতি মানুষকে দানব বানায় না। কিন্তু সেই বৈশিষ্ট্য যখন নিয়মিতভাবে অন্যের স্বাধীনতা, মর্যাদা এবং মানসিক নিরাপত্তা ধ্বংস করতে থাকে, তখন তা আর ব্যক্তিত্বের ছোটখাটো সমস্যা থাকে না।

সবচেয়ে অস্বস্তিকর সত্য হলো, বিষাক্ততা সব সময় অন্য মানুষের মধ্যে থাকে না। কখনো সেটি আমাদের ভাষায়, আমাদের আচরণে, আমাদের ক্ষমতার ক্ষুধায় এবং নিজের ভুলকে নির্দোষ প্রমাণ করার চেষ্টায় বাস করে।

মানসিক অস্থিরতা, অভিজ্ঞতা ও সৃজনশীলতা

মানুষের মন ব্যবচ্ছেদ করতে গেলে নিজেরও কিছু অভিজ্ঞতা থাকা দরকার, এই বিশ্বাস আমার এখনো আছে। যে মানুষ কখনো অন্ধকার দেখেনি, তার পক্ষে অন্ধকারের প্রতিটি রং চেনা কঠিন হতে পারে। ব্যক্তিগত ক্ষত, অস্বস্তি, প্রত্যাখ্যান কিংবা ভাঙনের অভিজ্ঞতা কখনো মানুষের পর্যবেক্ষণকে গভীর করে এবং তাকে এমন কিছু দেখতে শেখায়, যা আরামদায়ক দূরত্ব থেকে দেখা যায় না।

কিন্তু মানসিকভাবে যত বেশি বিপর্যস্ত হওয়া যাবে, তত বেশি সৃজনশীল হওয়া যাবে, ব্যাপারটি এত সরল নয়। অস্থিরতা কোনো মানুষকে গভীরতা দিতে পারে, আবার একই অস্থিরতা তার মনোযোগ, বিচারবোধ, কর্মক্ষমতা এবং সৃষ্টির শক্তিও নষ্ট করতে পারে।

তাই মানসিক কষ্ট সৃজনশীলতার বাধ্যতামূলক শর্ত নয়। বরং মানুষ তার অভিজ্ঞতাকে কীভাবে বোঝে, বহন করে এবং ভাষায় রূপ দেয়, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। ক্ষত থাকলেই সাহিত্য হয় না। ক্ষতের দিকে সৎভাবে তাকানোর ক্ষমতা থাকলে কখনো সাহিত্য হতে পারে।

ভালো সাহিত্যিক, মনোবিজ্ঞানী কিংবা মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার জন্য অসুস্থ হওয়া জরুরি নয়। প্রয়োজন পর্যবেক্ষণ, সংবেদনশীলতা, অধ্যয়ন, অভিজ্ঞতার প্রতি সততা এবং মানুষের মনকে দ্রুত বিচার না করে বোঝার চেষ্টা।

ডার্ক ট্রায়াড কোনো অনলাইন গালি নয়। এটি মানুষের অহংকার, প্রতারণা, নিয়ন্ত্রণ এবং অনুতাপহীনতার একটি সতর্কতামূলক মানচিত্র। তবে মানচিত্র কখনো পুরো মানুষ নয়।

ব্যক্তিকে নয়, তার ধারাবাহিক আচরণকে দেখুন।

লেবেল নয়, ক্ষতির পুনরাবৃত্ত ধরন চিনুন।

সম্পর্কের নামে নিজের নিরাপত্তা বিসর্জন দেবেন না।

আর অন্যকে “টক্সিক” বলার আগে অন্তত একবার নিজের দিকেও তাকান।

তথ্যসূত্র

১. Paulhus, D. L., & Williams, K. M. (২০০২)। The Dark Triad of Personality: Narcissism, Machiavellianism, and Psychopathy। Journal of Research in Personality, ৩৬(৬), ৫৫৬–৫৬৩।

২. Jones, D. N., & Paulhus, D. L. (২০১৪)। Introducing the Short Dark Triad (SD3): A Brief Measure of Dark Personality Traits। Assessment, ২১(১), ২৮–৪১।

৩. Shukla, M., & Upadhyay, N. (২০২৫)। Cold Hearts and Dark Minds: A Systematic Review and Meta-analysis of Empathy across Dark Triad Personalities। Frontiers in Psychiatry, ১৬।

৪. DeAngelis, T.। A Broader View of Psychopathy। American Psychological Association।

৫. Zhao, R., Tang, Z., Lu, F., Xing, Q., & Shen, W. (২০২২)। An Updated Evaluation of the Dichotomous Link Between Creativity and Mental Health। Frontiers in Psychiatry, ১২।

লেখক: মোঃ মেহেদি হাসান (মি. বিকেল)

গ্রন্থপ্রকল্প: Dark Psychology 101

উৎস: লেখকের নিজস্ব রচনা; অভিযাত্রীর জন্য ভাষা, কাঠামো ও তথ্যগত নির্ভুলতার আলোকে সম্পাদিত।

প্রকাশনা ও কপিরাইট: অভিযাত্রী (OVIYATRI)। সর্বস্বত্ব সংরক্ষিত।

আপনার প্রতিক্রিয়া কী?

পছন্দ পছন্দ 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখজনক দুঃখজনক 0
চমৎকার চমৎকার 0
মোঃ মেহেদি হাসান
মোঃ মেহেদি হাসান (কলম নাম: মি. বিকেল)—লেখক, ব্লগার, শিক্ষক এবং ‘অভিযাত্রী (Oviyatri)’ ওয়েবসাইটের প্রধান সম্পাদক ও পরিচালক।

• শিক্ষা: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর।
• প্রকাশনা: প্রথম ছোটগল্প সংকলন ‘জোনাকিরা সব ঘুমিয়ে গেছে’ (রকমারি.কম-এ উপলব্ধ)।
• অন্যান্য: ‘দ্য ব্যাকস্পেস’-এর প্রতিষ্ঠাতা এবং ২০২৩ থেকে মাইক্রোসফট ডেভেলপার প্রোগ্রামে যুক্ত।

যেকোনো প্রশ্ন বা যৌথ কাজের আগ্রহে যোগাযোগ করুন: [email protected]

অভিযাত্রীতে আপনাকে স্বাগতম!