মহানগর ২: ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’

দুর্নীতিগ্রস্ত ওসি হারুনও কীভাবে অদৃশ্য ক্ষমতার কাছে বন্দি হয়ে পড়েন, মহানগর ২-এর অভিনয়, রাজনীতি, ধীর গতি ও নৈতিক দ্বন্দ্ব নিয়ে বিশদ পর্যালোচনা।

প্রকাশিত:
হালনাগাদ:
 ০  ৩
মহানগর ২: ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’
অন্ধকার পটভূমিতে সবুজ পুলিশি পোশাক পরা একজন ব্যক্তিকে টেবিলে হাত জড়ো করে বসে থাকতে দেখা যাচ্ছে; পাশে লাল রঙে ‘মহানগর ২’, ইংরেজিতে ‘MOHANAGAR 2’ এবং ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা, পেছনে নথি, সাদাকালো ছবি, ভাস্কর্য ও ছায়ামূর্তি।

ওয়েব সিরিজ পর্যালোচনা

দুর্নীতিগ্রস্ত একজন পুলিশ কর্মকর্তাও যখন আরও বড়, অদৃশ্য ও জবাবদিহিহীন ক্ষমতার কাছে বন্দি হয়ে পড়েন, তখন নায়ক ও খলনায়কের পরিচিত সীমারেখা আর অক্ষত থাকে না।

‘মহানগর ২’-এর প্রতিটি পর্বের শুরুতে দুটি ভাস্কর্য দেখা যায়। একটির গায়ে লেখা, “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।” আমার কাছে এটি নিছক দৃশ্যসজ্জা নয়; সিরিজটির ক্ষমতা, নজরদারি, বন্দিত্ব ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ সূত্র।

বাংলাদেশি ওয়েব সিরিজে ‘মহানগর’ একটি নতুন মানদণ্ড তৈরি করেছিল। দ্বিতীয় সিজনেও আশফাক নিপুণের নির্মাণদক্ষতা এবং মোশাররফ করিম ও শ্যামল মাওলার অভিনয় মুগ্ধ করে। তারপরও ধীর গতি, অস্পষ্ট সময়রেখা এবং কিছু চরিত্রের অপর্যাপ্ত ব্যবহারের কারণে সিজনটি আমাকে তুলনামূলকভাবে হতাশ করেছে।

শিরোনাম দেখে রেগেমেগে আমার দিকে তেড়ে আসবেন না। সিরিজ পর্যালোচনা করতে গিয়ে আমি বাংলাদেশের রাজনীতির সব জটিল বিষয়ের সমাধান করে ফেলেছি, এমন দাবি করছি না। কিঞ্চিৎ দোষারোপ গায়ে মাখতে অবশ্য রাজি আছি।

গল্প: সিস্টেমের ভেতরে ভূতের সঙ্গে লড়াই

প্রথম সিজন ঘিরে দর্শকের আলোচনা ও আগ্রহের কারণে ‘মহানগর ২’ নিয়ে প্রত্যাশা ছিল প্রবল। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদপত্র ও বিভিন্ন অনলাইন মাধ্যমে সিরিজটি নিয়ে আলোচনাও শুরু হয়। এই আলোচনা পাওয়ার যোগ্যতা সিরিজটির আছে। তারপরও প্রথম সিজনের তুলনায় দ্বিতীয় সিজন আমাকে কিছুটা হতাশ করেছে।

এই সিজনে রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরে বাস করা যে ‘ভূত’-এর উপস্থিতি দেখানো হয়েছে, তা কোনো ব্যক্তি কিংবা রাষ্ট্রের জন্যই স্বস্তিদায়ক নয়। ক্ষমতার সেই অদৃশ্য কাঠামোর বিরুদ্ধে বলতে গেলে একাই লড়তে থাকেন ওসি হারুন। কিন্তু তিনি নিখাদ নায়ক নন। দুর্নীতি, চাতুর্য, আত্মরক্ষা ও বিবেকের মধ্যে তাঁর অবস্থান বারবার বদলে যায়। এই নৈতিক অনিশ্চয়তাই চরিত্রটিকে আকর্ষণীয় করে তোলে।

গল্পের গুরুত্বপূর্ণ একটি অংশ আবর্তিত হয়েছে একটি রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণ, একজন স্বতন্ত্র প্রার্থী এবং সেই ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজন মানুষকে ঘিরে। স্বতন্ত্র প্রার্থীটিকে শেষ পর্যন্ত ইতিবাচক চরিত্র বলেই মনে হয়েছে। তবে নির্মাতা ভবিষ্যৎ গল্পে নতুন কোনো বাঁক আনবেন কি না, তা তখনো অজানা ছিল। সিজনের শেষ দিকে অনির্বাণ ভট্টাচার্যের বিশেষ উপস্থিতি পরবর্তী অধ্যায়ের জন্য নতুন প্রত্যাশা তৈরি করে।

সিজনের শুরুতেই দেখা যায়, বিশেষ একটি বাহিনীর সদস্যরা ওসি হারুনকে একটি গোপন কক্ষে বন্দি করে জিজ্ঞাসাবাদ করছেন। সেই জিজ্ঞাসাবাদের ভেতর দিয়ে তাঁর আগের থানায় দায়িত্ব পালনকালের একটি রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণ, ঘটনার তদন্ত এবং সংশ্লিষ্ট চরিত্রগুলোর ভূমিকা ধীরে ধীরে সামনে আসে।

আপাতদৃষ্টিতে হারুনকে ধূর্ত, দুর্নীতিগ্রস্ত ও প্রতারক পুলিশ কর্মকর্তা বলেই মনে হয়। প্রথম সিজনেও তাঁর এই দিকটি দেখা গেছে। কিন্তু জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তাদের কাছে তাঁর অতীতের প্রায় সব তথ্যই যেন আগে থেকে আছে। সেই অবস্থায় হারুন বারবার স্মৃতির ভেতর ফিরে যান এবং নিজের মতো করে ঘটনাগুলোর ব্যাখ্যা দেন।

এখানেই দর্শককে অনিশ্চয়তার মধ্যে রাখার কাজটি চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। হারুন কি সত্যি বলছেন, নাকি নিজের বুদ্ধি দিয়ে জিজ্ঞাসাবাদকারীদের পরিচালনা করছেন, সেই প্রশ্নের সহজ উত্তর পাওয়া যায় না।

মলয়ের অনুপস্থিতি ও দুই সময়রেখা

প্রথম সিজনের সাব-ইন্সপেক্টর মলয়কে এই সিজনে না পাওয়ায় আমি হতাশ হয়েছি। ওসি হারুনের সঙ্গে মলয়ের সম্পর্ক ও দ্বন্দ্ব প্রথম সিজনের অন্যতম প্রাণ ছিল। দ্বিতীয় সিজনে অন্য চরিত্র দিয়ে সেই জায়গাটি পূরণের চেষ্টা করা হলেও অভাবটি পুরোপুরি কাটেনি।

অতীতের একটি মামলা এবং বর্তমানের এক তরুণীকে ঘিরে তৈরি সংকট, এই দুই সময়রেখায় গল্পটি বারবার যাতায়াত করে। রহস্য নির্মাণে পদ্ধতিটি কার্যকর হলেও একজন দর্শক হিসেবে কোনো কোনো জায়গায় আমি বিরক্ত হয়েছি। ঘটনার সূত্রগুলো সব সময় সমানভাবে পরিষ্কার নয়। কিছু চরিত্র ও উপকাহিনি মূল গল্পের গতিও কমিয়ে দিয়েছে।

‘মহানগর’ মূলত এক রাতের গল্প। কিন্তু সেই রাতকে দীর্ঘ একটি সিরিজে বিস্তৃত করতে গিয়ে সময়ের ব্যবধান কিছু জায়গায় চোখে পড়ে। রাত সহজে শেষ হবে না, সেটি দর্শক বুঝতে পারেন। তবু রাতের কোন পর্যায়ে কোন ঘটনা ঘটছে, তার স্পষ্ট ইঙ্গিত থাকলে সময় নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি কমত।

থানায় শেষ দিনেও চারপাশের এত ‘ভূত’-এর বিরুদ্ধে লড়ে টিকে থাকা সহজ ছিল না, যদি অবশ্য ওসি হারুনের বয়ান পুরোপুরি বিশ্বাস করা যায়। একইভাবে বিশেষ বাহিনীর নজরদারি ও জিজ্ঞাসাবাদের মধ্যেও নিজেকে রক্ষা করা আরও কঠিন। বৃন্দাবন দাসের অভিনীত ডিবি কর্মকর্তার সঙ্গে ওসি হারুনের পুরোনো সংযোগ কীভাবে তৈরি হয়েছিল, সেটিও আরও পরিষ্কারভাবে দেখানো যেত।

ওসি হারুনের কাছে এক ঘণ্টা সত্যিই অনেক সময়। এর বেশি বললে সিরিজের গুরুত্বপূর্ণ অংশ ফাঁস হয়ে যেতে পারে। বাকিটা হইচইয়ে দেখাই ভালো।

অভিনয়: ওসি হারুন ও আফনান চৌধুরীর দ্বৈরথ

মোশাররফ করিম

ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয়ই আমাকে একটির পর আরেকটি পর্ব দেখতে বাধ্য করেছে। তাঁর চোখ, কণ্ঠ, থেমে কথা বলা, পরিস্থিতি বুঝে শরীরী ভাষা বদলে ফেলা এবং একই সঙ্গে অসহায় ও বিপজ্জনক হয়ে ওঠার ক্ষমতা চরিত্রটিকে আলাদা মাত্রা দিয়েছে।

ওসি হারুনকে একটি বাক্যে সংজ্ঞায়িত করা কঠিন। তিনি দুর্নীতিগ্রস্ত, কিন্তু নির্বোধ নন; তিনি আত্মরক্ষামুখী, কিন্তু সম্পূর্ণ বিবেকহীনও নন; তিনি ভয় পান, আবার বিপদের মধ্যেও প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে জানেন। মোশাররফ করিম এই পরস্পরবিরোধী বৈশিষ্ট্যগুলোকে বিশ্বাসযোগ্য করেছেন।

ফজলুর রহমান বাবু ও বৃন্দাবন দাস

ফজলুর রহমান বাবুকে দেখে আমার প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু এই সিজনে তাঁর অভিনয় কিংবা চরিত্রের ব্যবহার, কোনোটিই সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। নাটকের পরিচিত শক্তিশালী অভিনেতাকে এখানে অনেকটাই নিষ্প্রভ মনে হয়েছে। তাঁর উপস্থিতি গুরুত্বপূর্ণ হলেও তাঁকে আরও কার্যকরভাবে ব্যবহার করা যেত।

বৃন্দাবন দাসের অভিনীত ডিবি কর্মকর্তা শেষের দিকে ভিন্ন মাত্রা পেয়েছেন। একজন ডিবি কর্মকর্তা হয়েও সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়া এবং নিখোঁজ এক তরুণীকে খুঁজে বের করার চেষ্টা আমাকে আগ্রহী করেছে। তবে শুরুতে চরিত্রটির গুরুত্ব এত কমিয়ে রাখা হয়েছিল যে তাঁকে ঘিরে তৈরি কিছু দৃশ্য গুরুত্বের বদলে কৌতুকের কাছাকাছি চলে গেছে।

শ্যামল মাওলা

শ্যামল মাওলা এই সিজনের আরেক প্রাণ। আফনান চৌধুরীর উদ্ধত ভঙ্গি, ক্ষমতার প্রতি আস্থা, বিপদের মধ্যেও নিজেকে নিরাপদ ভাবা এবং ওসি হারুনের সঙ্গে মানসিক লড়াই তিনি দৃঢ়ভাবে তুলে ধরেছেন।

কোনো কোনো মুহূর্তে ভুলেই গিয়েছিলাম, তিনি অভিনয় করছেন; সত্যিকারের ক্ষমতাধর প্রতিপক্ষ নন। শ্যামল মাওলা, আপনাকে স্যালুট।

পরিচালনা, চিত্রনাট্য ও সংলাপ

প্রথম সিজনের তুলনায় দ্বিতীয় সিজনের নির্মাণে বড় পরিসরের ছাপ রয়েছে। দৃশ্য থেকে দৃশ্যান্তরের রূপান্তর, জিজ্ঞাসাবাদের ঘর ও অতীতের ঘটনার মধ্যে যাতায়াত, আলো-অন্ধকারের ব্যবহার এবং সীমিত স্থানের মধ্যে চাপ তৈরিতে আশফাক নিপুণ দক্ষতার পরিচয় দিয়েছেন।

দৃশ্যান্তর প্রায় নিখুঁত। কোনো দৃশ্য হঠাৎ বিচ্ছিন্ন বা বেখাপ্পা মনে হয়নি। তবে নতুন মামলা, নতুন চরিত্র এবং তাদের পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে গিয়ে গল্পের গতি অনেকটাই ধীর হয়েছে। কিছু অংশ আরও সংক্ষিপ্ত হলে সিরিজটি বেশি টানটান হতে পারত।

আমার মনে হয়েছে, মূল গল্পের উপাদান একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য যথেষ্ট ছিল; সেটিকে দীর্ঘ সিরিজে রূপ দিতে গিয়ে কিছু অংশ অপ্রয়োজনীয়ভাবে প্রসারিত হয়েছে। প্রথম সিজনের সূত্র ধরে গল্প এগোলেও দ্বিতীয় সিজন প্রায় নতুন একটি ঘটনার ওপর দাঁড়িয়ে। এই নতুনত্ব ইতিবাচক, কিন্তু পুরোনো চরিত্র ও সম্পর্কের ধারাবাহিকতা কমে যাওয়ায় কোনো কোনো জায়গায় একঘেয়েমি তৈরি হয়েছে।

আশফাক নিপুণের নির্মাণদক্ষতা নিয়ে আমার সংশয় নেই। তবু গল্পের গতি, চরিত্রের ভারসাম্য ও সময়রেখার স্পষ্টতার দিকে আরেকটু মনোযোগ দিলে দ্বিতীয় সিজনটি আরও শক্তিশালী হতে পারত।

‘মহানগর ২’-এর সংলাপ এর অন্যতম শক্তি। ওসি হারুনের পরিচিত “দুইটা কথা” বলার ভঙ্গি শুধু চরিত্রটির স্বাক্ষর হয়ে ওঠেনি; কয়েকটি দৃশ্যে এটি কৌতুকময় বিরতি বা কমিক রিলিফও তৈরি করেছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই হালকা বিরতি সিরিজটিকে একই স্বরে আটকে থাকতে দেয়নি।

তবে সব সংলাপ সমান শক্তিশালী নয়। কোনো কোনো জায়গায় বক্তব্য অপ্রয়োজনীয়ভাবে ঘুরিয়ে বলা হয়েছে এবং কিছু বিষয়কে জোর করে গল্পে প্রবেশ করানো হয়েছে বলে মনে হয়েছে। রাজনৈতিক ও অপরাধ-থ্রিলার নির্মাণে জটিলতা থাকবেই, কিন্তু জটিলতা ও অপ্রয়োজনীয় প্যাঁচ এক বিষয় নয়।

আবহসংগীত দৃশ্যের চাপ ধরে রাখতে সহায়তা করেছে। তবে আমার কাছে সিরিজটির প্রধান শক্তি ছিল সংলাপ ও অভিনয়। বাংলা ভাষার মূলধারার ওয়েব কনটেন্টে এমন প্রকাশ্য রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রশ্ন নিয়ে থ্রিলার নির্মাণ এখনো খুব পরিচিত দৃশ্য নয়। সেই বিবেচনায় নির্মাতার সাহসকে মূল্য দিতে হয়।

রাজনৈতিক ও সামাজিক পাঠ

এখানে আলোচিত রাজনৈতিক ও সামাজিক সাদৃশ্যগুলো আমার দর্শক-পাঠ। এগুলো নির্মাতার আনুষ্ঠানিক ব্যাখ্যা কিংবা কোনো নির্দিষ্ট বাস্তব ঘটনার প্রত্যক্ষ প্রতিরূপ বলে দাবি করছি না।

১. নজরদারি, গোপন রেকর্ডিং ও ক্ষমতা

চলচ্চিত্রের একজন অভিনয়শিল্পী ও রাজনৈতিক ব্যক্তির কথোপকথন ফাঁস হওয়ার মতো ঘটনা বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত নয়। কিন্তু ব্যক্তিগত কথোপকথন কে রেকর্ড করল, কীভাবে তা ছড়িয়ে পড়ল এবং এর পেছনে ক্ষমতার কোন কাঠামো কাজ করেছে, সেই প্রশ্ন প্রায়ই উত্তরহীন থেকে যায়। সিরিজে নজরদারি ও ব্যক্তিগত তথ্যকে নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ব্যবহারের আভাস রয়েছে।

২. নির্বাচন ও স্বতন্ত্র প্রার্থী

সিরিজের স্বতন্ত্র প্রার্থী, দলীয় ক্ষমতার সঙ্গে তাঁর সম্পর্ক এবং রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণের ঘটনা বাংলাদেশের নির্বাচনী বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। আমার কাছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্ষমতার ভেতরে ও বাইরে থাকা রাজনৈতিক ব্যক্তির ঝুঁকি, সীমাবদ্ধতা ও একাকিত্ব।

৩. গুম, গোপন আটক ও ‘আয়নাঘর’

সিরিজে আনুষ্ঠানিকভাবে স্থানটির যে পরিচয়ই দেওয়া হোক, গোপন কক্ষ, দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখার ধরন আমার কাছে জনপরিসরে আলোচিত ‘আয়নাঘর’-এর ধারণা মনে করিয়ে দিয়েছে। ওসি হারুনের বন্দিত্বের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার অদৃশ্য ও জবাবদিহিহীন রূপটি দৃশ্যমান হয়েছে।

৪. সন্ত্রাসবাদ, পরিচয় ও সন্দেহ

সন্ত্রাসবাদ নিয়ে সিরিজটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোলে। কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে যাওয়া কিংবা দীর্ঘ সময় পরে ফিরে আসাই তাঁকে সন্ত্রাসী প্রমাণ করে না। মানুষের জীবনে নিখোঁজ হওয়া, পালিয়ে থাকা বা বিচ্ছিন্ন হয়ে পড়ার পেছনে নানা ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক কারণ থাকতে পারে।

এই জায়গায় ‘মহানগর ২’ সন্ত্রাসবাদকে কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের সঙ্গে সরলভাবে জুড়ে দেয়নি। বরং রাষ্ট্রীয় বয়ান, সন্দেহ ও প্রমাণের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছে।

৫. পরিবার ও দায়

একজন বোনের অবিশ্রান্ত চেষ্টা তার ভাইকে থানা থেকে বের করে আনার জন্য, এই অংশটি আবেগের শক্তিশালী জায়গা তৈরি করেছে। ভাইটি পরিবারের প্রতি দায়িত্বশীল না হলেও পরিবার তার পেছনে দাঁড়ায়। এখানে পরিবারকে নিছক আবেগের আশ্রয় নয়, বিপদের সময় শেষ অবলম্বন হিসেবেও দেখানো হয়েছে।

৬. পুলিশও মানুষ, কিন্তু ব্যবস্থার বাইরের কেউ নয়

বাংলাদেশে পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জবাবদিহির অভাব নিয়ে জনপরিসরে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও অবিশ্বাসের প্রকাশ দেখা যায়। কিন্তু সিরিজটি একই সঙ্গে মনে করিয়ে দেয়, একজন পুলিশ সদস্যও বৃহত্তর ক্ষমতার কাঠামোর অংশ এবং সেই কাঠামোর ভেতরে তাঁর নিজের স্বাধীনতাও সীমিত হতে পারে।

ওসি হারুন কোনো নিষ্পাপ চরিত্র নন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক সিদ্ধান্তের যথেষ্ট কারণ রয়েছে। তারপরও ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তির হাতে অপমানিত হওয়া কিংবা ওপরের নির্দেশে সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ার দৃশ্য দেখায়, ব্যবস্থার নিচের স্তরের ক্ষমতাবান ব্যক্তিও আরও বড় ক্ষমতার সামনে অসহায়।

এই দ্বন্দ্বই চরিত্রটির সবচেয়ে আকর্ষণীয় দিক। আইন, বিবেক, আত্মরক্ষা ও প্রাতিষ্ঠানিক আনুগত্যের সংঘর্ষে শেষ পর্যন্ত মানুষটি কোথায় দাঁড়াবেন, সেটিই বড় প্রশ্ন।

পরিশেষ

বাংলা সিরিজ, সিনেমা বা নাটক আমার খুব বেশি দেখা হয় না। চিত্তবিনোদনের জন্য আমরা নানা দেশের অসংখ্য কনটেন্ট দেখি, অথচ বাংলা কাজের প্রতি অনেক সময় একই আগ্রহ তৈরি হয় না। আবার মানসম্মত কাজ পাওয়া গেলেও আমরা তা দেখার অভ্যাস গড়ে তুলতে পারিনি।

কিন্তু নির্মাতারা যখন ‘মহানগর’-এর মতো কাজ করেন, তখন বাংলা ওয়েব সিরিজ দেখতে দর্শক অনেকটাই বাধ্য হন। এখানেই একজন পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী এবং পুরো নির্মাণদলের সাফল্য।

‘মহানগর ২’ নিখুঁত নয়। ধীর গতি, কিছু চরিত্রের অপর্যাপ্ত বিস্তার, সময়রেখার অস্পষ্টতা এবং গল্পের অপ্রয়োজনীয় প্রসারণ আমাকে হতাশ করেছে। কিন্তু মোশাররফ করিম ও শ্যামল মাওলার অভিনয়, আশফাক নিপুণের নির্মাণদক্ষতা এবং ক্ষমতার অদৃশ্য কাঠামো নিয়ে সিরিজটির সাহসী প্রশ্ন একে উপেক্ষা করার সুযোগ দেয় না।

ব্যক্তিগতভাবে আমি সিরিজটিকে ১০-এর মধ্যে ৭ দেব। আশফাক নিপুণের কাছে আরও গোছানো গল্প চাওয়া আমার আবদারই বলতে পারেন। তিনি শুধু জনপ্রিয় পরিচালক নন; আমার মতো ক্ষুদ্র লেখক ও অভিনয়ের সঙ্গে যুক্ত মানুষের জন্যও একজন অনুপ্রেরণা।

‘মহানগর ২’ অন্তত দেখিয়ে দিয়েছে, বাংলা ভাষায় রাজনৈতিক ও অপরাধ-থ্রিলার এভাবেও নির্মাণ করা যায়।

বাংলা ওয়েব সিরিজের জয় হোক।

ব্যক্তিগত মূল্যায়ন

১০-এর মধ্যে ৭

দুর্দান্ত অভিনয় ও সাহসী রাজনৈতিক অনুষঙ্গ; তবে গল্পের গতি, চরিত্রের বিস্তার ও সময়রেখায় আরও সংহতি প্রয়োজন ছিল।

তথ্যসূত্র ও সম্পাদনা-তথ্য

লেখক: মোঃ মেহেদি হাসান (মি. বিকেল)

প্রকাশনা ও কপিরাইট: অভিযাত্রী (OVIYATRI)। সর্বস্বত্ব সংরক্ষিত।

আপনার প্রতিক্রিয়া কী?

পছন্দ পছন্দ 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখজনক দুঃখজনক 0
চমৎকার চমৎকার 0
মোঃ মেহেদি হাসান
মোঃ মেহেদি হাসান (কলম নাম: মি. বিকেল)—লেখক, ব্লগার, শিক্ষক এবং ‘অভিযাত্রী (Oviyatri)’ ওয়েবসাইটের প্রধান সম্পাদক ও পরিচালক।

• শিক্ষা: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর।
• প্রকাশনা: প্রথম ছোটগল্প সংকলন ‘জোনাকিরা সব ঘুমিয়ে গেছে’ (রকমারি.কম-এ উপলব্ধ)।
• অন্যান্য: ‘দ্য ব্যাকস্পেস’-এর প্রতিষ্ঠাতা এবং ২০২৩ থেকে মাইক্রোসফট ডেভেলপার প্রোগ্রামে যুক্ত।

যেকোনো প্রশ্ন বা যৌথ কাজের আগ্রহে যোগাযোগ করুন: [email protected]

অভিযাত্রীতে আপনাকে স্বাগতম!