হ্যাশট্যাগ জাস্টিস: জনরোষ যখন বিচার ও মৃত্যুদণ্ড নির্ধারণ করে
জনপ্রিয় হ্যাশট্যাগ কি অপরাধের প্রমাণ হতে পারে? Black Mirror, #MeToo, মিডিয়া ট্রায়াল ও মৃত্যুদণ্ডের আলোকে জনতার বিচারের বিপদ বিশ্লেষণ।
কেমন হয়, যদি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হ্যাশট্যাগ ব্যবহার করেই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়?
কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠল। আদালত, সাক্ষ্য, প্রমাণ, আত্মপক্ষ সমর্থন কিংবা আপিলের প্রয়োজন হলো না। সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু লেখা হলো:
হ্যাশট্যাগটি এক হাজারবার ব্যবহৃত হলেই রাষ্ট্র ধরে নেবে, অভিযুক্ত ব্যক্তি প্রকৃত অপরাধী। প্রতিদিন রাত নয়টায় তালিকার শীর্ষে থাকা একজনকে হত্যা করা হবে। মৃত্যুর দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে সামাজিক যোগাযোগমাধ্যমে। দর্শকেরা মন্তব্য করবেন, প্রতিক্রিয়া জানাবেন এবং পরবর্তী মৃত্যুর জন্য ভোট দেবেন।
ব্যবস্থাটি যেন সম্পূর্ণ নিরাপদ ও নির্ভুল থাকে, সে জন্য অত্যন্ত আধুনিক এবং বিজ্ঞ একটি কারিগরি দল কাজ করবে। তারা বট শনাক্ত করবে, ভুয়া অ্যাকাউন্ট বাদ দেবে, কৃত্রিমভাবে বাড়ানো হ্যাশট্যাগ বাতিল করবে এবং ব্যক্তিগত অপছন্দ থেকে পরিচালিত প্রচারণাও ধরে ফেলবে।
এক হাজার হ্যাশট্যাগকে অপর্যাপ্ত মনে হলে দলটি গবেষণা করে দশ হাজার, এক লাখ কিংবা আরও কোনো ‘বৈজ্ঞানিক’ সংখ্যা নির্ধারণ করতে পারে। যেন একজন মানুষকে হত্যা করার আগে অন্তত সংখ্যাটি সঠিক থাকে।
প্রযুক্তি উন্নত হলো, বট বাদ গেল এবং ভোটের সংখ্যা নির্ভুল হলো। কিন্তু মৌলিক প্রশ্নটি থেকেই গেল: একটি অভিযোগ কতবার পুনরাবৃত্তি হলে তা প্রমাণে পরিণত হয়?
ভয়ের মাধ্যমে শৃঙ্খলা
মনে করুন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন। ঠিক তখন পেছন থেকে মি. করিম আপনাকে বাজে ভাষায় গালি দিলেন। আপনি কী করবেন? প্রতিবাদ, সাক্ষী, অভিযোগ কিংবা আইনের আশ্রয় নেওয়ার ঝামেলা নেই। আপনি শুধু নিজের প্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম খুলে লিখবেন:
নিজের বিরুদ্ধে মৃত্যুর হ্যাশট্যাগ দেখে মি. করিম ভয় পাবেন। দ্বিতীয়বার কাউকে গালি দেওয়ার আগে তিনি সাবধান হয়ে যাবেন। কারণ হ্যাশট্যাগটি নির্ধারিত সংখ্যায় পৌঁছালে রাত নয়টায় রাষ্ট্র তাঁকে মেরে ফেলবে।
কর্মক্ষেত্রে একই ব্যবস্থা ব্যবহার করা যাবে বসের বিরুদ্ধে। অনৈতিক নির্দেশ দিলেন? একটি হ্যাশট্যাগ। বেতন আটকে রাখলেন? আরেকটি হ্যাশট্যাগ। পারিবারিক বিরোধ, প্রতিবেশীর সঙ্গে বিবাদ, রাজনৈতিক মতভেদ, প্রেমের সম্পর্ক কিংবা ব্যবসায়িক প্রতিযোগিতা, সবকিছুর নিষ্পত্তি হবে একটি হ্যাশট্যাগে।
হঠাৎ এই সমাজে আর হত্যাযজ্ঞ ঘটবে না, ডাকাতি হবে না, দুর্নীতি ও অনিয়ম চলবে না, ধর্ষণ ঘটবে না, রাজনীতির নামে লুটপাট বা অর্থ পাচার হবে না। ব্যক্তিগত সম্পর্কও আর বিষাক্ত পর্যায়ে পৌঁছাবে না।
মানুষ কি নৈতিক হয়ে উঠেছে? না। মানুষ শুধু জানতে পেরেছে, অপরাধ বা ভুলের অভিযোগ উঠলে রাষ্ট্র প্রমাণ যাচাইয়ের আগে তাকে হত্যা করতে পারে।
বাইরে থেকে এটি ইউটোপিয়া। ভেতরে এটি এমন একটি নজরদারির রাষ্ট্র, যেখানে নাগরিকেরা একই সঙ্গে অভিযোগকারী, সাক্ষী, বিচারক, শাস্তিদাতা এবং মৃত্যুদণ্ডের দর্শক।
কারিগরি দল ভোট গুনতে পারে, সত্য নির্ধারণ করতে পারে না
সম্ভবত এই ব্যবস্থার সমর্থকেরা বলবেন, উন্নত প্রযুক্তি থাকলে ভুল হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা বট শনাক্ত করবে, একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট বাদ দেবে এবং সমন্বিত প্রচারণাও ধরে ফেলবে।
ধরে নিচ্ছি, কারিগরি দল প্রতিটি বট, নকল অ্যাকাউন্ট এবং ভুয়া হ্যাশট্যাগ শনাক্ত করতে সফল হয়েছে। তাতেও ব্যবস্থাটি ন্যায়সংগত হবে না। কারণ নকল ভোট ঠেকানো এবং অভিযোগের সত্যতা প্রমাণ করা এক কাজ নয়।
পরিচয় চুরি, সমন্বিত রাজনৈতিক প্রচারণা, ডিপফেক, সম্পাদিত ভিডিও, পুরোনো ছবি, ভুল অনুবাদ, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং অ্যালগরিদমিক পক্ষপাত জনমতকে প্রভাবিত করতে পারে। প্ল্যাটফর্মের মালিক, সরকার, সংগঠিত গোষ্ঠী, অর্থবান ব্যক্তি কিংবা বড় অনুসারীভিত্তি থাকা মানুষ অন্যদের তুলনায় বেশি দৃশ্যমানতা পেতে পারেন।
অনলাইন জনতার আদালত সবার জন্য সমানও নয়। একজন ধনী ব্যক্তি জনসংযোগ দল, আইনজীবী এবং বড় প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। একজন সাধারণ অভিযুক্ত হয়তো নিজের বক্তব্য মানুষের কাছে পৌঁছানোর আগেই সামাজিকভাবে দোষী সাব্যস্ত হয়ে যাবেন।
প্রযুক্তি ভোটের সংখ্যা নির্ভুল করতে পারে। কিন্তু কোনো সংখ্যা নিজে থেকে সাক্ষ্য যাচাই, প্রমাণ পরীক্ষা, জেরা কিংবা আত্মপক্ষ সমর্থনের কাজ করতে পারে না।
হ্যাশট্যাগ যখন প্রমাণের বিকল্প
ধরে নিই, দেশে মি. রহিম নামে একজন জনপ্রিয় সাংবাদিক আছেন। তিনি যথেষ্ট আদর্শিক। অন্যায়ের সঙ্গে আপস করেন না এবং তাঁর সংবাদ বিশ্বস্ত বলে বিবেচিত হয়। দেশের বিপুলসংখ্যক সচেতন নাগরিক তাঁকে অনুসরণ করেন।
মি. রহিম যাঁকে অপরাধী হিসেবে চিহ্নিত করেন, সামাজিক যোগাযোগমাধ্যম মুহূর্তের মধ্যে তাঁর বিরুদ্ধে চলে যায়। তাঁর একটি পোস্ট থেকেই লক্ষাধিক #DeathTo হ্যাশট্যাগ তৈরি হতে পারে। এই রাষ্ট্রে তার অর্থ, একই দিনে নিশ্চিত মৃত্যু।
একদিন প্রত্যন্ত অঞ্চলে একজন নারীর ওপর যৌন সহিংসতার অভিযোগ সামনে এল। মি. রহিম অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করলেন। গ্রামাঞ্চলের নারী ন্যায়বিচার থেকে বঞ্চিত হন, এমন বহু বাস্তব উদাহরণ তাঁর মনে ছিল। ঘটনাটি গুরুতর এবং দ্রুত প্রকাশ করা প্রয়োজন, এই বিশ্বাস থেকে তিনি অভিযুক্ত ব্যক্তির বক্তব্য, ঘটনাস্থলের তথ্য কিংবা অন্য সাক্ষীদের কথা যাচাই করার অপেক্ষা করলেন না।
জীবনে সম্ভবত এই প্রথম তিনি অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন না। সংবাদটি প্রকাশ করলেন একটি মৃত্যুর হ্যাশট্যাগ দিয়ে।
কয়েক মিনিটের মধ্যে অভিযোগটির ভাষা বদলাতে শুরু করল। একজন লিখলেন, অভিযুক্ত ব্যক্তি পালিয়েছেন। আরেকজন লিখলেন, তিনি আগেও একই অপরাধ করেছেন। তৃতীয়জন তাঁর একটি পুরোনো ছবি নতুন ঘটনার প্রমাণ হিসেবে ছড়িয়ে দিলেন। কেউ মূল উৎস দেখলেন না।
একটি অসম্পূর্ণ বক্তব্য দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে একটু বদলাল। সেখান থেকে তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে আরও নিশ্চিত হলো। কয়েক হাজার পুনরাবৃত্তির পর মানুষ আর জানলই না, মূল অভিযোগে ঠিক কী বলা হয়েছিল। পুনরাবৃত্তিতে বিকৃত বয়ানই তখন সামাজিক সত্য।
সেদিন রাত নয়টায় অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হলো। হাজার হাজার মানুষ সরাসরি সম্প্রচার দেখলেন। কেউ ন্যায়বিচার প্রতিষ্ঠার আনন্দে মন্তব্য করলেন। কেউ পরবর্তী ব্যক্তির নাম প্রস্তাব করলেন।
কয়েক দিন পর নতুন তথ্য সামনে এল। ঘটনার সম্ভাব্য সময়সীমার সঙ্গে নিহত ব্যক্তির মোবাইল ফোনের অবস্থানতথ্য মিলল না। একটি প্রতিষ্ঠানের সংরক্ষিত দৃশ্যে তাঁকে অন্য স্থানে দেখা গেল। প্রত্যক্ষদর্শীর আগের বক্তব্যেও অসংগতি পাওয়া গেল। নতুন তদন্তে বোঝা গেল, নিহত ব্যক্তি অপরাধী ছিলেন না।
বরং তিনি সন্দেহজনক কিছু লক্ষ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করার চেষ্টা করেছিলেন। বিশৃঙ্খলা, অসম্পূর্ণ তথ্য এবং পরিকল্পিত বিভ্রান্তির মধ্যে তাঁর আচরণের ভুল ব্যাখ্যা হয়েছিল। প্রকৃত অপরাধীরা থেকে গেল আড়ালে।
এবার দেশের সচেতন নাগরিকেরা নড়েচড়ে বসলেন। এই প্রথম একটি মৃত্যুর বদলে আরেকটি মৃত্যুর দাবি উঠল। প্রায় এক কোটি ব্যবহারকারী লিখলেন:
বিজ্ঞ কারিগরি দল ভোটগুলো পরীক্ষা করল। বট পাওয়া গেল না। সংখ্যাও যথেষ্ট। রাষ্ট্র মি. রহিমকে সবার সামনে হত্যা করল।
এবার কি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো?
না। একটি ভুল মৃত্যুর প্রতিক্রিয়ায় আরেকটি মৃত্যু ঘটল। প্রকৃত অপরাধীরা বিচারের বাইরে থেকে গেল। রাষ্ট্র দুই ব্যক্তিকে হত্যা করল, অথচ সত্যের কাছাকাছিও পৌঁছাতে পারল না।
এই ব্যবস্থায় ভুলের প্রতিকারও আরেকটি ভুল। হত্যার ক্ষতিপূরণ আরেকটি হত্যা। জনতা শুধু সিদ্ধান্ত নেয়, পরবর্তী মৃতদেহটি কার হবে।
ব্ল্যাক মিররের ‘হেটেড ইন দ্য নেশন’
এতক্ষণ ধরে যে ভয়াবহ রাষ্ট্রের কথা বললাম, সেটি পুরোপুরি নতুন কোনো আশঙ্কা নয়। এই ভাবনার কাছাকাছি একটি গল্প ইতোমধ্যে নির্মিত হয়েছে Black Mirror সিরিজে।
‘Hated in the Nation’ হলো সিরিজটির তৃতীয় সিজনের ষষ্ঠ ও শেষ পর্ব। Charlie Brooker-এর লেখা এবং James Hawes পরিচালিত প্রায় ঊননব্বই মিনিটের পর্বটি ২০১৬ সালে মুক্তি পায়। গল্পে ব্যবহারকারীরা #DeathTo হ্যাশট্যাগ দিয়ে জনসমক্ষে নিন্দিত ব্যক্তিদের মৃত্যুর জন্য ভোট দেন।
মৌমাছির বিলুপ্তির সংকট মোকাবিলায় তৈরি Autonomous Drone Insects বা স্বয়ংক্রিয় রোবোটিক মৌমাছিগুলো হ্যাক করে নির্বাচিত ব্যক্তিদের হত্যার অস্ত্রে পরিণত করা হয়।
পর্বটির আতঙ্ক শুধু প্রযুক্তিতে নয়। সাধারণ মানুষ মনে করেন, তাঁরা কেবল একটি হ্যাশট্যাগ লিখছেন। তাঁরা সরাসরি কাউকে স্পর্শ করেননি, অস্ত্র ধরেননি এবং ঘটনাস্থলেও যাননি। অথচ পর্দার আড়ালে তাঁদের ক্ষণিকের ক্রোধ, বিদ্রূপ ও দলবদ্ধ ঘৃণাই একজনের মৃত্যুর আদেশ হয়ে ওঠে।
দশ লাখ মানুষ একটি হত্যার পক্ষে একটি করে ভোট দিলে কি প্রত্যেকে নিজেদের নির্দোষ ভাবতে পারেন?
বাস্তব পৃথিবীতে হ্যাশট্যাগের শক্তি
কাল্পনিক রাষ্ট্র ও *Black Mirror* থেকে এবার পরিচিত পৃথিবীতে ফেরা যাক। বাস্তবে #DeathTo নামের কোনো রাষ্ট্রীয় মৃত্যুযন্ত্র নেই। কিন্তু হ্যাশট্যাগ মানুষের বক্তব্য দৃশ্যমান করতে, ক্ষমতাবানকে জবাবদিহির মুখে ফেলতে এবং জনমত গঠনে গভীর ভূমিকা রাখতে পারে।
#MeToo তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণগুলোর একটি। সমাজকর্মী Tarana Burke ২০০৬ সালে যৌন সহিংসতা থেকে বেঁচে ফেরা মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে “Me Too” আন্দোলন শুরু করেন। ২০১৭ সালে হ্যাশট্যাগটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আন্দোলনটি যৌন সহিংসতার ব্যাপকতা দৃশ্যমান করে এবং অসংখ্য ভুক্তভোগীকে নিজের অভিজ্ঞতা প্রকাশের ভাষা দেয়।
তাই #MeToo-কে অপ্রাসঙ্গিক বা হাস্যকর বলে পুরোপুরি বাতিল করা ন্যায়সংগত হবে না। এর ঐতিহাসিক ও সামাজিক অবদান বাস্তব। বহু ক্ষমতাবান ব্যক্তির বিরুদ্ধে আগে চাপা পড়ে থাকা অভিযোগ সামনে এসেছে। কর্মক্ষেত্রের ক্ষমতার অসমতা, যৌন হয়রানি এবং নীরবতার সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তৈরি হয়েছে।
কিন্তু প্রয়োজনীয় কোনো আন্দোলনই প্রশ্ন ও সমালোচনার ঊর্ধ্বে নয়। ভুক্তভোগীর বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা এবং অভিযোগমাত্রই কাউকে দোষী ধরে নেওয়া একই নীতি নয়। প্রথমটি নীরবতা ভাঙতে সহায়তা করে। দ্বিতীয়টি যাচাই, প্রমাণ ও আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন মুছে দিয়ে জনতার আদালত তৈরি করতে পারে।
অভিযোগ প্রকাশিত হওয়ার পর আদালতের রায়ের অপেক্ষা না করেই একজনের চাকরি, সম্পর্ক, পেশাগত সুনাম ও সামাজিক অবস্থান ধ্বংস হতে পারে। পরে অভিযোগ ভুল বা অসম্পূর্ণ প্রমাণিত হলেও প্রথম ভাইরাল পোস্টের সমান দৃশ্যমানতা সংশোধনটি পায় না।
Depp–Heard মামলা এবং জনতার আদালত
ব্যক্তিগতভাবে ভবিষ্যতে লিঙ্গ ও সম্পর্কভিত্তিক বিষয় নিয়ে কাজ করতে হলে একটি জটিল সত্য মাথায় রাখতে হবে: ঘনিষ্ঠ সম্পর্কের সহিংসতায় যে কোনো লিঙ্গের মানুষ ভুক্তভোগী হতে পারেন। Johnny Depp ও Amber Heard-এর বিরোধ এই আলোচনার একটি অস্বস্তিকর উদাহরণ।
ঘটনাটিকে শুধু “নারীর মিথ্যা অভিযোগের কাছে পুরুষের পরাজয়” কিংবা “ক্ষমতাবান পুরুষের হাতে নারীর নির্যাতন” হিসেবে এক বাক্যে ব্যাখ্যা করা যায় না।
২০২০ সালে যুক্তরাজ্যে Depp, The Sun-এর বিরুদ্ধে করা মানহানি মামলায় হেরে যান। বিচারক প্রকাশিত অভিযোগের পক্ষে বিবাদীদের সত্যতার প্রতিরক্ষাকে গ্রহণ করেন। অন্যদিকে ২০২২ সালের Virginia মামলায় জুরি Heard-এর তিনটি বক্তব্যকে Depp-এর প্রতি মানহানিকর বলে রায় দেন। একই মামলায় Depp-এর আইনজীবীর একটি বক্তব্যের কারণে Heard-ও নিজের পাল্টা দাবির একটিতে ক্ষতিপূরণ পান।
দুটি মামলার বিবাদী, আইনি প্রশ্ন, বিচারপদ্ধতি এবং প্রমাণের কাঠামো এক ছিল না। তাই একটি রায় দিয়ে অন্যটিকে মুছে ফেলা যায় না।
অনলাইন জনতা এই জটিলতা ধরে রাখেনি। কয়েক সেকেন্ডের ভিডিও, মিম, সম্পাদিত সাক্ষ্য এবং ব্যক্তিগত পছন্দ দিয়ে দুজন মানুষকে পালাক্রমে নায়ক ও খলনায়ক বানানো হয়েছে। যে অংশটি নিজের আগের বিশ্বাসকে সমর্থন করেছে, মানুষ সেটিই বেশি ভাগ করেছে।
Depp-এর পেশাগত ক্ষতি এবং পুরুষও ঘনিষ্ঠ সম্পর্কের সহিংসতার ভুক্তভোগী হতে পারেন, এই আলোচনা #MeToo-পরবর্তী জনপরিসরকে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে সেই প্রশ্নের উত্তর কোনো একজনকে সম্পূর্ণ নির্দোষ দেবদূত এবং অন্যজনকে সম্পূর্ণ মিথ্যাবাদী হিসেবে নির্মাণ করা নয়।
আমার কাছে Depp–Heard মামলা #MeToo আন্দোলনের পরাজয় নয়। বরং এটি দেখিয়েছে, সামাজিক আন্দোলন প্রয়োজন হলেও কোনো ব্যক্তির অপরাধ নির্ধারণের দায়িত্ব হ্যাশট্যাগের হাতে দেওয়া যায় না।
সবাই কি ন্যায়ের বিচারক হতে পারেন?
মানুষ ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায়সংগত সিদ্ধান্ত নিতে পারেন। অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, ভুক্তভোগীর পাশে দাঁড়াতে পারেন এবং রাষ্ট্রের জবাবদিহি চাইতে পারেন। নাগরিকের নৈতিক চেতনা ও প্রতিবাদ ছাড়া আইন নিজেও অনেক সময় নড়েচড়ে বসে না।
কিন্তু বিচারকের কাজ শুধু ভালো ও মন্দের মধ্যে ব্যক্তিগত পছন্দ জানানো নয়। ন্যায়বিচারও কোনো এক ব্যক্তির নৈতিক বোধ নয়। এটি বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া।
এর সঙ্গে তদন্তকারী সংস্থা, গ্রহণযোগ্য প্রমাণ, ফরেনসিক পরীক্ষা, সরকারি কৌঁসুলি, প্রতিরক্ষা আইনজীবী, সাক্ষ্য, জেরা, নিরপেক্ষ বিচার, লিখিত রায় এবং আপিলের সুযোগ যুক্ত থাকে। প্রতিটি স্তর ভুল ধরার একটি সম্ভাব্য নিরাপত্তাব্যবস্থা।
বাংলাদেশের সংবিধানের ৩৫(৩) অনুচ্ছেদে ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তির স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার পাওয়ার অধিকার স্বীকৃত হয়েছে।
আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার আগে অভিযুক্তকে অপরাধী ধরে না নেওয়া কোনো বিশেষ সুবিধা নয়। এটি নিরপরাধ মানুষকে জনতা ও রাষ্ট্রের ভুল থেকে রক্ষার মৌলিক নীতি।
একটি ভাইরাল পোস্টে এসব স্তর নেই। সেখানে সাক্ষীর জেরা নেই, অগ্রহণযোগ্য প্রমাণ আলাদা করার নিয়ম নেই, বিচারকের লিখিত যুক্তি নেই এবং ভুল হলে কার্যকর আপিলও নেই। আছে শুধু প্রতিক্রিয়ার সংখ্যা।
বাংলাদেশের বাস্তবতায় মিডিয়া ট্রায়াল
এবার প্রশ্ন করা যাক, বাংলাদেশের মতো রাষ্ট্রে হ্যাশট্যাগভিত্তিক বিচারের চিত্র কেমন হতে পারে? উত্তরটি স্বস্তিদায়ক হওয়ার কথা নয়।
সংবাদমাধ্যমের দায়িত্ব অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা প্রকাশ করা। অনুসন্ধানী সাংবাদিকতা বহু গোপন অন্যায় সামনে এনেছে। সমস্যা শুরু হয় তখন, যখন সংবাদমাধ্যম তথ্য প্রকাশের সীমা পেরিয়ে আদালতের আগেই কাউকে অপরাধী ঘোষণা করে।
অভিযোগ সম্পর্কে সংবাদ দেওয়া এবং অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা এক বিষয় নয়।
১. অভিযোগকেই প্রমাণিত অপরাধ হিসেবে উপস্থাপন করা হয়।
২. অসম্পূর্ণ ভিডিও বা বক্তব্য প্রেক্ষাপট ছাড়া ছড়িয়ে দেওয়া হয়।
৩. অভিযুক্তের পরিচয় ও ছবি বিচার হওয়ার আগেই প্রকাশ করা হয়।
৪. তদন্তাধীন বিষয়ে অনুমানকে নিশ্চিত তথ্যের মতো প্রচার করা হয়।
৫. ধর্মীয়, রাজনৈতিক বা সামাজিক পরিচয় ব্যবহার করে জনরোষ বাড়ানো হয়।
৬. বিভিন্ন পেজ একই অসম্পূর্ণ তথ্য পুনরাবৃত্তি করায় সেটিকে বহু উৎসের সমর্থন বলে মনে হয়।
৭. আদালতের রায়ের আগেই ব্যক্তির সামাজিক ও পেশাগত শাস্তি কার্যকর হয়ে যায়।
বাংলাদেশের মতো রাজনৈতিক ও সামাজিকভাবে বিভক্ত পরিবেশে দলীয় পরিচয়, ধর্মীয় বিশ্বাস, শ্রেণি, লিঙ্গ এবং ব্যক্তিগত জনপ্রিয়তা একই ঘটনার ভিন্ন ভিন্ন ‘সত্য’ তৈরি করতে পারে। একই ভিডিও এক পক্ষের কাছে অপরাধের প্রমাণ, অন্য পক্ষের কাছে ষড়যন্ত্র এবং তৃতীয় পক্ষের কাছে অনলাইন কনটেন্টে পরিণত হয়।
সংবাদমাধ্যম জনস্বার্থে প্রশ্ন তুলবে। নাগরিক প্রতিবাদ করবেন। কিন্তু সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যম বিচারকের আসনে বসে রায় দিলে ন্যায়বিচারের পথই ক্ষতিগ্রস্ত হয়।
রাষ্ট্র কি প্রতিশোধ নেবে, নাকি সংশোধনের সুযোগ দেবে?
একটি রাষ্ট্রের শক্তি শুধু অপরাধীকে কত কঠোর শাস্তি দিতে পারে, তাতে নির্ধারিত হয় না। রাষ্ট্র অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা, ন্যায়সংগত বিচার, ভুক্তভোগীর সহায়তা এবং সাজাপ্রাপ্ত ব্যক্তির পুনর্বাসনে কতটা সক্ষম, সেটিও গুরুত্বপূর্ণ।
শাস্তির একটি উদ্দেশ্য জবাবদিহি। আরেকটি উদ্দেশ্য সমাজকে নিরাপদ রাখা। কিন্তু শাস্তির পর একজন মানুষ যদি আরও বিপজ্জনক হয়ে সমাজে ফেরেন, তবে কঠোরতা নিজে থেকে সাফল্যের প্রমাণ হতে পারে না।
নরওয়ের সংশোধনব্যবস্থায় “স্বাভাবিকতার নীতি” অনুসরণ করা হয়। এর মূল ধারণা হলো, কারাদণ্ডে একজন মানুষের স্বাধীনতা সীমিত হয়; প্রয়োজন ছাড়া তাঁর অন্যান্য অধিকার বিলুপ্ত হয় না। কারাগারের জীবনকে যতটা সম্ভব সমাজের স্বাভাবিক জীবনের কাছাকাছি রাখা, শিক্ষা, চিকিৎসা, কর্মদক্ষতা এবং ধাপে ধাপে সমাজে পুনঃএকীকরণ এই ব্যবস্থার অংশ।
গুরুত্বপূর্ণ স্বাস্থ্য, শিক্ষা ও গ্রন্থাগারসেবা কারাগারের বিচ্ছিন্ন ব্যবস্থার বদলে স্থানীয় ও পৌর সেবাদাতাদের মাধ্যমে দেওয়ার নীতিও সেখানে রয়েছে। উদ্দেশ্য হলো, মুক্তির পর সমাজে ফেরার পথ যেন সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়।
এর অর্থ এই নয় যে নরওয়ের ব্যবস্থা হুবহু বাংলাদেশে প্রয়োগ করলেই একই ফল পাওয়া যাবে। অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, কারাগারের সক্ষমতা এবং প্রতিষ্ঠানগত আস্থা ভিন্ন। তবু মৌলিক শিক্ষাটি গুরুত্বপূর্ণ: শুধু ভয় ও প্রতিশোধ নয়, শিক্ষা, মানসিক স্বাস্থ্যসেবা, আসক্তির চিকিৎসা এবং কর্মসংস্থানও পুনরায় অপরাধ কমানোর নীতির অংশ।
অপরাধীর পুনর্বাসন ভুক্তভোগীর ক্ষতি অস্বীকার করে না। ন্যায়বিচারে জবাবদিহি, জননিরাপত্তা, ভুক্তভোগীর ক্ষতির স্বীকৃতি, প্রয়োজনীয় সহায়তা এবং পুনরায় অপরাধ প্রতিরোধ, সবকিছুকেই বিবেচনায় নিতে হয়।
রাষ্ট্রের সহিংসতা কি হত্যার নৈতিকতা বদলে দেয়?
কোনো রাষ্ট্র যদি সহিংসতা নিয়ন্ত্রণের নামে প্রতিদিন নির্ধারিত সময়ে একজন মানুষকে হত্যা করে এবং সেটি জনতার সামনে সম্প্রচার করে, তবে রাষ্ট্র নাগরিককে কী শিক্ষা দিচ্ছে?
রাষ্ট্র একদিকে বলছে, মানুষ হত্যা অপরাধ। অন্যদিকে বলছে, যথেষ্ট ভোট, যথেষ্ট ক্ষমতা এবং আনুষ্ঠানিক অনুমোদন থাকলে হত্যা একটি গ্রহণযোগ্য প্রদর্শনী হতে পারে।
এমন রাষ্ট্রে হত্যার সংখ্যা কমলেও সহিংসতার সংস্কৃতি কি সত্যিই কমবে? নাকি সহিংসতার একচেটিয়া অধিকার শুধু রাষ্ট্রের হাতে চলে যাবে?
আইনের শাসন মানে রাষ্ট্রের প্রতিশোধকে নিয়মে পরিণত করা নয়। আইনের শাসন মানে রাষ্ট্রের ক্ষমতাকেও নিয়ম, প্রমাণ, অধিকার ও জবাবদিহির সীমার মধ্যে রাখা।
মৃত্যুদণ্ডের অপরিবর্তনীয় ভুল
মৃত্যুদণ্ডকে অনেকেই চূড়ান্ত সমাধান মনে করেন। কিন্তু এর সবচেয়ে ভয়ংকর দিক হলো, এটি সংশোধনযোগ্য নয়। কারাদণ্ডে ভুল প্রমাণিত হলে একজন মানুষকে মুক্তি দেওয়া সম্ভব। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর নতুন প্রমাণ এলেও রাষ্ট্র তার ভুল ফিরিয়ে নিতে পারে না।
Death Penalty Information Center-এর বর্তমান তথ্যভান্ডার অনুযায়ী, ১৯৭৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে ভুলভাবে দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্তত ২০৩ জন মানুষ পরে নির্দোষ প্রমাণিত হয়েছেন।
এই সংখ্যা শুধু প্রশাসনিক ব্যর্থতার পরিসংখ্যান নয়। তালিকাভুক্ত মামলাগুলোতে মিথ্যা স্বীকারোক্তি, ভুল অভিযোগ, সরকারি অসদাচরণ, ভুল সাক্ষী শনাক্তকরণ, অপর্যাপ্ত আইনি সহায়তা এবং বিভ্রান্তিকর ফরেনসিক প্রমাণের মতো কারণ দেখা যায়।
মৃত্যুদণ্ড হত্যাকাণ্ড প্রতিরোধে অন্য কঠোর শাস্তির তুলনায় বিশেষভাবে কার্যকর, এমন বিশ্বাসযোগ্য প্রমাণও প্রতিষ্ঠিত হয়নি। যুক্তরাষ্ট্রের কয়েক দশকের গবেষণা পর্যালোচনা করে National Research Council জানিয়েছে, বিদ্যমান গবেষণা দিয়ে মৃত্যুদণ্ড হত্যার হার কমায়, বাড়ায় নাকি কোনো প্রভাব ফেলে না, তার নির্ভরযোগ্য সিদ্ধান্ত টানা যায় না।
এর অর্থ এই নয় যে মৃত্যুদণ্ডের কোনো প্রভাব নেই, এমনটি প্রমাণিত হয়েছে। বরং নির্ভরযোগ্যভাবে প্রভাব নির্ধারণের জন্য বিদ্যমান গবেষণা যথেষ্ট নয়। তাই “মৃত্যুদণ্ড আছে বলেই অপরাধ কমবে” কথাটি প্রমাণিত সত্য হিসেবে ব্যবহার করা যায় না।
অপরাধের গভীর সামাজিক কারণ, যেমন দারিদ্র্য, বৈষম্য, মাদকনির্ভরতা, শিক্ষার অভাব, সহিংস পরিবেশ কিংবা মানসিক স্বাস্থ্যগত সমস্যা, শুধু একজন অপরাধীকে হত্যা করলেই দূর হয় না। অপরাধীর দায় আছে, কিন্তু অপরাধ জন্মানোর পরিবেশ বিশ্লেষণ করাও রাষ্ট্রের দায়িত্ব।
আমার আপত্তি শুধু শাস্তির কঠোরতায় নয়। রাষ্ট্র যখন অপরিবর্তনীয় শাস্তি দেয়, তখন রাষ্ট্রের ভুল করার সম্ভাবনাও অপরিবর্তনীয় বিপর্যয়ে পরিণত হয়। দুর্বল তদন্ত ও ভঙ্গুর বিচারব্যবস্থার বিকল্প কখনো শাস্তির চরমতা হতে পারে না।
প্রতিশোধ, প্রতিরোধ নাকি পুনর্বাসন?
দণ্ডের উদ্দেশ্য নিয়ে দর্শন ও আইনশাস্ত্রে দীর্ঘ বিতর্ক রয়েছে। প্রতিশোধমূলক ন্যায়বিচার বলে, অপরাধী তার কাজের উপযুক্ত শাস্তি পাওয়ার যোগ্য। প্রতিরোধমূলক দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ অপরাধ ঠেকাতে শাস্তির ভূমিকা দেখে। পুনর্বাসনমূলক দৃষ্টিভঙ্গি অপরাধীকে পরিবর্তন করে সমাজে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুনরুদ্ধারমূলক ন্যায়বিচার ভুক্তভোগীর ক্ষতি, দায়স্বীকার এবং সামাজিক সম্পর্ক পুনর্গঠনের দিকে মনোযোগ দেয়।
Immanuel Kant প্রতিশোধমূলক ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ দার্শনিক প্রতিনিধি। তাঁর ধারণাকে শুধু পুরোনো ও অকার্যকর বলে বাতিল করলে দণ্ডতত্ত্বের জটিল বিতর্ক হারিয়ে যায়। গুরুতর অপরাধের দায় ও নৈতিক জবাবদিহির প্রশ্ন বাস্তব।
কিন্তু প্রতিশোধের যুক্তি রাষ্ট্রকে ভুলের ঊর্ধ্বে তোলে না। কোনো শাস্তি নৈতিকভাবে প্রাপ্য কি না, সেই প্রশ্নের আগে নিশ্চিত হতে হয়, সঠিক ব্যক্তিকেই দোষী সাব্যস্ত করা হয়েছে কি না।
হ্যাশট্যাগ জাস্টিস এই প্রশ্নটিই বাদ দেয়। সেখানে অপরাধের সত্যতা নয়, জনতার ক্রোধই শাস্তির বৈধতা নির্ধারণ করে।
শেষ পর্যন্ত হ্যাশট্যাগটি কার দিকে ফিরবে?
#DeathTo দিয়ে শুরু করা কাল্পনিক রাষ্ট্রটি প্রথমে আকর্ষণীয় মনে হতে পারে। অপরাধী দ্রুত শাস্তি পাচ্ছে, জনতা সরাসরি অংশ নিচ্ছে এবং কোনো মামলা বছরের পর বছর ঝুলে থাকছে না।
কিন্তু ব্যবস্থাটি ন্যায়বিচার নয়। এটি জনপ্রিয়তার ভিত্তিতে সাজানো প্রতিশোধ। এখানে সত্যের চেয়ে সংখ্যা বড়, প্রমাণের চেয়ে আবেগ শক্তিশালী এবং আদালতের চেয়ে অ্যালগরিদম দ্রুত।
প্রথমে হ্যাশট্যাগটি যাবে এমন একজনের বিরুদ্ধে, যাঁকে আমরা অপছন্দ করি। এরপর এমন একজনের বিরুদ্ধে, যাঁকে আমরা ভুল বুঝেছি। তারপর এমন কারও বিরুদ্ধে, যিনি আমাদের পক্ষেই কথা বলেছিলেন। শেষ পর্যন্ত সেটি আমাদের দিকেও ফিরতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম অন্যায় প্রকাশের শক্তিশালী মাধ্যম। কিন্তু তাকে আদালত বানালে অভিযোগ রায়ে পরিণত হয়, জনপ্রিয়তা প্রমাণের জায়গা নেয় এবং জনরোষ হয়ে ওঠে রাষ্ট্রীয় সহিংসতার অনুমতিপত্র।
এই দীর্ঘ আলোচনায় যদি আপনার মিডিয়া ট্রায়াল বা সোশ্যাল মিডিয়া ট্রায়ালের কথা মনে পড়ে থাকে, তাহলে হয়তো আমরা অন্তত বিপদটির নাম চিনতে শিখছি। কিন্তু বিপদের নাম জানা এবং সেই বিপদ থেকে নিজেকে বিরত রাখা এক কথা নয়।
রাত নয়টা আবার আসবে। তালিকার প্রথম নামটি এবার কার, আমরা জানি না। শুধু জানি, ভোটটি দেওয়ার সুযোগ আমাদের হাতেই থাকবে।
তথ্যসূত্র
১. Netflix. “Black Mirror.” Series created by Charlie Brooker. Netflix-এ সিরিজটির আনুষ্ঠানিক পৃষ্ঠা দেখুন
২. “Hated in the Nation.” Black Mirror, Series 3, Episode 6. Written by Charlie Brooker, directed by James Hawes, released in 2016. পর্বটির মৌলিক তথ্য ও কাহিনির প্রেক্ষাপট দেখুন
৩. me too. Movement. “History & Inception.” #MeToo আন্দোলনের আনুষ্ঠানিক ইতিহাস দেখুন
৪. High Court of Justice. Depp II v News Group Newspapers Ltd and Dan Wootton, [2020] EWHC 2911 (QB), Approved Judgment. যুক্তরাজ্যের প্রকাশিত রায় দেখুন
৫. Circuit Court of Fairfax County. John C. Depp, II v. Amber Laura Heard, Judgment Order, 24 June 2022. Virginia মামলার চূড়ান্ত আদেশ দেখুন
৬. The Constitution of the People’s Republic of Bangladesh, Article 35: Protection in respect of trial and punishment. বাংলাদেশের সংবিধানের ৩৫ অনুচ্ছেদ দেখুন
৭. Norwegian Correctional Service. “About the Norwegian Correctional Service.” নরওয়ের স্বাভাবিকতার নীতি ও পুনঃএকীকরণব্যবস্থা দেখুন
৮. Death Penalty Information Center. “Innocence Database.” মৃত্যুদণ্ডপ্রাপ্ত নির্দোষ ব্যক্তিদের হালনাগাদ তথ্যভান্ডার দেখুন
৯. National Research Council. “Deterrence and the Death Penalty.” National Academies Press, 2012. মৃত্যুদণ্ডের প্রতিরোধমূলক প্রভাববিষয়ক গবেষণা পর্যালোচনা দেখুন
লেখক ও উৎস
লেখক: মোঃ মেহেদি হাসান (মি. বিকেল)
প্রকাশনা ও কপিরাইট: অভিযাত্রী (OVIYATRI)। সর্বস্বত্ব সংরক্ষিত।
আপনার প্রতিক্রিয়া কী?
পছন্দ
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখজনক
0
চমৎকার
0