রুটিন জীবনের শেষে আমরা কার ফোনের অপেক্ষায় থাকব!

প্রবীণ মানুষের নিঃসঙ্গতা, বয়সের সামাজিক ছক, পেশা, অর্থ, সুখ ও জীবনের মানে নিয়ে মোঃ মেহেদি হাসান (মি. বিকেল)-এর ব্যক্তিগত আত্মজিজ্ঞাসা।

প্রকাশিত:
হালনাগাদ:
 ০  ২
রুটিন জীবনের শেষে আমরা কার ফোনের অপেক্ষায় থাকব!
রাতের নরম আলোয় কাঠের টেবিলে রাখা মুঠোফোনের পাশে বসে খোলা জানালার বাইরে তাকিয়ে থাকা এক প্রবীণ ব্যক্তি, সামনে একটি খালি চেয়ার, যা অপেক্ষা, নিঃসঙ্গতা ও মানবিক সংযোগের প্রয়োজনকে তুলে ধরে।

জীবন, অর্থ, নিঃসঙ্গতা ও আমাদের অদৃশ্য ঘড়ি

আমরা যে রুটিন বানিয়েছি, সেখানে উপার্জনের সময় আছে, তুলনার সময় আছে, সফলতা দেখানোর সময় আছে; কিন্তু মানুষের পাশে বসে থাকার সময় কতটুকু?

প্রবীণ মানুষের একটি ফোন থেকে শুরু করে বয়স, পেশা, আয়, সুখ এবং সার্থক জীবনের সামাজিক হিসাবের দিকে ফিরে তাকানোর ব্যক্তিগত প্রয়াস।

ছোটবেলা থেকেই কিছু কিছু বিষয় বড়দের কাছ থেকে শিখেছি, জেনেছি। আমার জীবনের দীর্ঘ একটি সময় বন্ধুহীন ছিলাম না; বরং আমার বন্ধুত্ব ছিল বয়সে অনেক বড় মানুষদের সঙ্গে। তাঁদের সঙ্গে নামাজ পড়তাম, চা খেতাম, গল্প করতাম। তাঁদের জীবনের অভিজ্ঞতা নিয়ে অজস্র প্রশ্ন করতাম।

সেই মানুষদের মধ্যে আমার নিজের নানা এবং একজন দাদু এখন কবরে শুয়ে আছেন। ওপারে তাঁরা কেমন আছেন, তা আমি জানি না। শুধু জানি, মানুষগুলো আমাকে খুব ভালোবাসতেন।

এখনো গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো বয়োবৃদ্ধ দাদু ঘুরেফিরে আমার দিকে তাকান। একটু কাছে গেলে মাথায় হাত রেখে আমার জন্য অনেক দোয়া করেন। সেই দোয়ার মধ্যে এমন এক আন্তরিকতা থাকে, যেন চৈত্রের কাঠফাটা রোদে চিড় ধরা মাঠে দাঁড়িয়ে থাকা কৃষক একটু জলের অপেক্ষায় আছেন।

পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ও মতের সব জায়গায় মিল নেই। কিন্তু বয়সে বড় এই মানুষগুলোর সান্নিধ্যে আমি আরেক ধরনের পরিবার খুঁজে পেয়েছি। আজও আমার মুঠোফোনের যোগাযোগতালিকা খুললে এমন মানুষই বেশি পাওয়া যাবে।

আমি এ-ও জানি, এই লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ালে ওপার বাংলার আমার আশি-ঊর্ধ্ব দিদি মন্তব্যের ঘরে নিশ্চয় কিছু একটা লিখবেন। হয়তো জিজ্ঞেস করবেন, “কেমন আছো?” কিংবা সরাসরি বলে বসবেন, “তোমাকে এমনিতেও কেউ সহ্য করতে পারবে না, বুঝেছ?”

যাঁদের একসময় একটি পূর্ণ পৃথিবী ছিল

এই মানুষগুলোর কাছ থেকে কত কী পেয়েছি! এক জীবনে তার ঋণ পরিশোধ করার সাধ্য আমার নেই। তবে তাঁদের অনেকের মধ্যে একটি বিষয় খুব সাধারণভাবে দেখেছি। তাঁরা একা। ভয়াবহ রকমের একা।

আমার এখনো যথেষ্ট বয়স ও চলাফেরার সুযোগ আছে। কথা বলার কিংবা সময় কাটানোর জন্য কাউকে না কাউকে পাওয়া যায়। কিন্তু বয়স্ক মানুষগুলোর কাছে গেলে নিজের বৃদ্ধকালের কথা ভেবে খারাপ লাগে। একসময় যাঁদের ঘিরে একটি পূর্ণ পৃথিবী ছিল, তাঁদের অনেকের কাছেই আজ কথা বলার মতো মানুষ নেই।

একসময় এই রঙিন পৃথিবীতে তাঁরা কত আয়োজন করেছেন, কত মানুষ সামলেছেন, কত সিদ্ধান্ত নিয়েছেন। এখন তাঁদের জীবন যেন ধীরে ধীরে সাদাকালো পুরোনো চলচ্চিত্রে পরিণত হয়েছে।

আমার পরিচিত এক বৃদ্ধ একসময় রাজনীতি ও সংঘাতময় জীবনের বহু গল্প বলতেন। মামলা, কারাজীবন এবং একাত্তরে বহু মৃত্যুর সাক্ষী হওয়ার কথাও নিজের জীবনের গল্পে বলেন।

কিন্তু আমার চোখে ধরা পড়েন অন্য এক মানুষ। স্ট্রোকের পর খুঁড়িয়ে হাঁটা একজন বৃদ্ধ; ক্লান্ত এবং অনেকখানি নিরুপায়।

আজও রাত নয়টা বাজলে তাঁর ফোন আসে। সারাদিনে আর কোনো ফোনকল না এলেও সেই ফোনটি আসে। ধরার আগ পর্যন্ত অবশ্য মুক্তি নেই। কখনো বিরক্ত হই। কখনো কাজের অজুহাত খুঁজি। আবার ফোন রেখে দেওয়ার পর মনে হয়, একজন মানুষ হয়তো আমাকে ফোন করার জন্যই রাত নয়টা পর্যন্ত অপেক্ষা করেছিলেন।

বার্তার মাঝখানে না-বলা কথা

ওপার বাংলার আমার এক আশি-ঊর্ধ্ব দিদিকে একদিন বিরক্ত হয়ে বলেছিলাম, “দিদি, আপনি আমার অনেক সময় খেয়ে ফেলেন! আমার আরও কাজ আছে। আর কাজ না থাকলেও নতুন বান্ধবীকে তো সময় দিতে হবে। তা না হলে সে-ও হাওয়া হয়ে যাবে। তখন সব দোষ আপনার।”

কিন্তু কে শোনে কার কথা! এরপরও একের পর এক বার্তা আসতে থাকে।

“কেমন কাটল ঈদ?”

“বিয়ে কবে করছ?”

“তোমার সেই বান্ধবী কি এখনো আছে? মেয়েটি কিন্তু ভালো।”

“তোমাকে এমনিতেও কেউ সহ্য করতে পারবে না, বুঝেছ?”

এমন নানা প্রশ্নে আমার মেসেঞ্জার ভরে ওঠে। আমি প্রশ্নগুলো পড়ি। হাসি। কখনো বিরক্ত হই। তারপর শব্দগুলোর আড়ালে আরেকটি অর্থ খুঁজতে থাকি। বার্তাগুলোর মাঝখানের না-বলা কথাগুলো বুঝতে ব্যর্থ হলাম না তো?

যতবার এই ছোট ছোট প্রশ্নের ভেতরের অর্থ বুঝতে চেয়েছি, ততবার তাঁদের নিঃসঙ্গতা আমাকে ছুঁয়েছে। দীর্ঘদিন একা থাকার অভ্যাস আমাকে ছুঁয়েছে। একা থেকেও মানুষ বেঁচে থাকে, কিন্তু সেই বেঁচে থাকা সব সময় পূর্ণ জীবন নয়, এই উপলব্ধিও আমাকে ছুঁয়েছে।

একা থাকা আর নিঃসঙ্গ হওয়া নিশ্চয় এক কথা নয়। কেউ একা থেকেও নিজের মধ্যে পূর্ণ থাকতে পারেন। আবার মানুষের ভিড়েও কারও সত্যিকার অর্থে কথা বলার মানুষ নাও থাকতে পারে। আমি তাঁদের জীবন বিচার করতে পারি না। শুধু তাঁদের ফোন ও বার্তার ভেতর কখনো কখনো সংযোগের গভীর প্রয়োজন শুনতে পাই।

তাঁদের নিঃসঙ্গতা যেমন আমাকে ছুঁয়ে যায়, তেমনি তাঁদের ভালোবাসাও অনেক ক্ষেত্রে নিখাদ, ভেজালমুক্ত এবং স্বার্থের হিসাবের বাইরে। তাঁরা কখনো বোকাসোকা, কখনো একগুঁয়ে, কখনো অপ্রাসঙ্গিকভাবে কথা বলেন। কিন্তু তাঁদের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে নিজের বৃদ্ধকালও স্বচ্ছ আয়নার মতো দেখা যায়।

তখন প্রশ্ন জাগে, বন্ধুহীন এবং অর্থহীন, এখানে অর্থ বলতে জীবনের মানে, এমন একটি দীর্ঘ সময় পার করার সাহস আমাদেরও থাকবে তো?

মনে রাখা দরকার, তাঁরা আমাদের থেকে ভিন্ন কোনো সত্তা নন। তাঁরা আমাদেরই আগামীকাল।

জীবনের ধারণা, পেশা, ধর্ম, সামাজিকতা এবং ব্যক্তিস্বাধীনতা নিয়ে আমার সঙ্গে পূর্ববর্তী প্রজন্মের অনেক পার্থক্য আছে। তবু অল্প সময়ের জন্য আমাকে দেখতে না পেলে বাবা-মায়ের যে অস্থিরতা তৈরি হয়, সেটিও অনুভব করি।

বয়সের সঙ্গে বেঁধে দেওয়া সফলতার চরকি

সমাজ আমাদের জীবনের জন্য একটি অদৃশ্য ঘড়ি বানিয়ে রেখেছে। কখন পড়াশোনা শেষ করতে হবে, কখন চাকরি পেতে হবে, কখন বিয়ে করতে হবে, কখন সন্তান নিতে হবে, সবকিছুর জন্য যেন নির্ধারিত কাঁটা রয়েছে।

বয়স পঁচিশ, তাই চাকরি দরকার। বয়স আরেকটু বেড়ে আটাশ হলে বিয়ে করতেই হবে। ত্রিশ পেরিয়ে গেলে আমাকে দিয়ে আর কিছু হবে না।

কিন্তু আদতেই কি তাই?

বয়সের সঙ্গে সফলতার যে চরকি লাগিয়ে দেওয়া হয়েছে, তা কতটা যুক্তিযুক্ত? যদি নির্ধারিত সময়ে চাকরি না পাই? আটাশে যদি বিয়ে না করি? ত্রিশে যদি জীবনের কোনো নতুন শুরু করি? তাহলে কি জীবন ব্যর্থ হয়ে যাবে?

এক জীবনে পঁচিশ বছর পর্যন্ত পড়াশোনা, তারপর চাকরি; আটাশে বিয়ে, ত্রিশে সন্তান, ষাটে অবসর এবং তার পর যত দ্রুত সম্ভব পৃথিবী থেকে বিদায়। এই ছকই কি সার্থক জীবন? জানা নেই।

মাত্র এক বছর দেরিতে স্নাতকোত্তর করতে গিয়ে আমার মনে হয়েছিল, যেন ভয়াবহ কোনো পাপ করে ফেলেছি। নিজের লেখা প্রথম বই একজন শিক্ষকের হাতে তুলে দিতে গিয়ে শুনতে হয়েছিল, বিসিএস দিলে কী কী সুযোগ ও সুবিধা পেতাম।

কিছুদিন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলাম, সেটিও কারও চোখে অধর্ম হয়ে গেল। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর পর কারও বিচারে আমি কাফের হয়ে গেলাম। ব্লগারদের নাস্তিক ধরে নেওয়ার অভিযোগও শুনেছি।

আল্লাহর কসম, কথাগুলো আমাকে সরাসরি বলা হয়েছে।

তখন বুঝতে শুরু করলাম, সমাজ শুধু আমার জীবনের সময়সূচিই নির্ধারণ করতে চায় না; কোন পেশা সম্মানজনক, কোন আগ্রহ বৈধ এবং কোন পরিচয়ে আমাকে গ্রহণ করা হবে, সেটিও ঠিক করে দিতে চায়।

আমার আপত্তি বিসিএস কিংবা সরকারি চাকরিতে নয়। সরকারি চাকরি একটি বৈধ, গুরুত্বপূর্ণ এবং বহু মানুষের জন্য আকাঙ্ক্ষিত পেশাগত পথ। আপত্তি তখনই, যখন একটি বৈধ পথকে মানুষের মেধা, সম্মান ও সাফল্যের একমাত্র বৈধ প্রমাণ বানিয়ে অন্য সম্ভাবনাগুলোকে ব্যর্থতা হিসেবে দেখা হয়।

এসব বুঝতে আমার অনেক সময় লেগেছে। সরকারি চাকরির প্রয়োজনীয়তাও বুঝেছি। আর শেষ পর্যন্ত যেটি সবচেয়ে বেশি বুঝেছি তা হলো, টাকা জরুরি। খুবই জরুরি।

অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া স্বাধীনতা, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, পরিবার কিংবা নিজের পছন্দের কাজ ধরে রাখা কঠিন। অর্থের অভাব মানুষকে শুধু বিলাসিতা থেকে বঞ্চিত করে না; কখনো চিকিৎসা, নিরাপত্তা, শিক্ষা এবং সম্মানজনক জীবন থেকেও দূরে সরিয়ে দেয়। তাই অর্থকে অস্বীকার করা বাস্তবতাকে অস্বীকার করার মতো।

কিন্তু অর্থ প্রয়োজনীয় বলেই কি জীবনের সব সিদ্ধান্তের একমাত্র বিচারকও অর্থ হবে?

যে জীবনটি চেয়েছিলাম

আমাদের চারপাশে এমন মানুষ কম নেই, যাঁরা জীবিকার প্রয়োজনে এমন পেশায় আছেন, যা তাঁদের প্রথম স্বপ্ন ছিল না। যিনি শিক্ষক, তিনি হয়তো চিকিৎসক হতে চেয়েছিলেন। যিনি চিকিৎসক, তিনি হয়তো শিক্ষক হতে চেয়েছিলেন।

কেউ প্রকৌশলী হয়ে দেশের জন্য নতুন কোনো স্থাপনা গড়তে চেয়েছিলেন। কেউ দার্শনিক হয়ে রাষ্ট্রের চিন্তায় নতুন কিছু যোগ করতে চেয়েছিলেন। কেউ সাকিব আল হাসানকে ক্রিকেট মাঠে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। কেউ জয়া আহসানের মতো অভিনয়ের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে চেয়েছিলেন। কেউ মহাকাশ নিয়ে কাজ করার কথা ভেবেছিলেন।

অস্কার কেন শুধু সত্যজিৎ রায় পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? আরও একটি ‘পথের পাঁচালী’ হলে অসুবিধা কোথায়? আরও একজন হুমায়ূন আহমেদ এলে মানুষ আবার বই হাতে তুলে নেবে না কেন?

এমন উদাহরণ সারাদিন ধরে লেখা যায়।

কিন্তু যে সমাজে রুটিন জীবন, রুটিন পেশা এবং অনুমোদিত চাকরি ছাড়া স্বীকৃতি পাওয়া যায় না, সেখানে রুচির দুর্ভিক্ষ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। হাতে গোনা কয়েকটি সরকারি চাকরির পদ সবাইকে দেওয়া সম্ভব নয়। অথচ স্বীকৃত জীবনের সংজ্ঞা যদি শুধু সেই অল্প কয়েকটি পদের চারপাশে তৈরি হয়, তবে অসংখ্য মানুষের প্রকৃত সত্তা সংকটে পড়বেই।

বৈচিত্র্যময় প্রতিভা যখন সামাজিক স্বীকৃতি পায় না, সৃজনশীল কাজকে যখন নিরাপদ জীবন বলে মনে করা হয় না এবং জীবনের মূল্য যখন শুধু চাকরির পদ ও আয়ের অঙ্কে নির্ধারিত হয়, তখন মানুষ নিজের আগ্রহ চাপা দেয়। দ্রুত দৃশ্যমান ও দ্রুত আয়যোগ্য বিষয় সামনে চলে আসে; ধৈর্য, শিল্পবোধ এবং চিন্তার কাজ পেছনে পড়ে যায়। আমি যে রুচির দুর্ভিক্ষের কথা বলছি, তা এই সামষ্টিক সংকটেরই একটি প্রকাশ।

তখন পাশের মানুষের খিস্তিখেউড়, নোংরামি কিংবা রুচির মানবিক সংকটকে শুধু তার ব্যক্তিগত ব্যর্থতা বলে এড়িয়ে যাওয়া সহজ। কিন্তু এর মধ্যে আমাদের সামষ্টিক ব্যর্থতাও কি নেই?

অন্তত আমার চোখে এমন কোনো মানুষ নেই, যিনি একেবারেই কোনো কাজ করতে পারেন না। কিন্তু এমন বহু মানুষকে দেখেছি, যাঁরা জানেন না ঠিক কী করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে কিংবা কীভাবে নিজের সম্ভাবনাকে বাস্তব জীবিকার সঙ্গে যুক্ত করতে হবে।

যখন আয় সামাজিক মূল্যের মাপকাঠি

এই অনিশ্চয়তার মধ্যেও টাকার পেছনে আমাদের ছুটে চলা অব্যাহত থাকবে। কারণ টাকা প্রয়োজন। সমস্যা প্রয়োজনের জায়গায় নয়; সমস্যা শুরু হয় যখন তুলনা প্রয়োজনকে লোভে, আর লোভকে পরিচয়ে রূপান্তরিত করে।

আমার বন্ধু মাসে পাঁচ অঙ্কের আয় অতিক্রম করতে না পারলে তাকে আমার ছয় অঙ্কের আয় দেখিয়ে খোঁচা দেব। সে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আয়ের অঙ্ক দেখালে আমিও দেখাব। কারণ আমরা শুধু আয় করছি না; আয় দিয়ে নিজেদের সামাজিক মূল্যও প্রমাণ করতে চাইছি।

সামাজিক যোগাযোগমাধ্যম সেই তুলনাকে আরও দৃশ্যমান করে দিয়েছে। কেউ পরিবার নিয়ে ভ্লগ করছেন, কেউ রিল বানাচ্ছেন, কেউ ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্তকে আয়যোগ্য দৃশ্যে বদলে দিচ্ছেন।

এখানে ভ্লগ, রিল, ব্যক্তিগত গল্প বলা কিংবা সেখান থেকে আয় করাই আমার আপত্তির জায়গা নয়। আপত্তি তখন, যখন সম্মতি, সম্পর্কের গোপনীয়তা, মানুষের মর্যাদা ও ন্যায্যতার সীমা ভেঙে আয় করাকেও আমরা স্বাভাবিক বলে মেনে নিই।

আমি যদি ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে লাখ কিংবা কোটি টাকার আয় করতে পারি, তাহলে এত কিছু কেন ভাবব?

এই প্রশ্নটির সহজ উত্তর আমার কাছে নেই।

কারণ দিনশেষে টাকা দরকার। টাকা বাস্তব পার্থক্য তৈরি করে। আমি টাকার আধিপত্য নিয়ে প্রশ্ন করছি, আবার আমিই নিজের ওয়েবসাইটে বিজ্ঞাপন ঠিকমতো দেখা যাচ্ছে কি না পরীক্ষা করি। আমি সামাজিক স্বীকৃতির সংকীর্ণতা নিয়ে লিখি, আবার নিজের কাজের স্বীকৃতিও চাই।

এই আত্মবিরোধ অস্বীকার করে লাভ নেই। আমি সেই সমাজের বাইরে দাঁড়িয়ে সমাজকে বিচার করছি না। আমিও এই ছুটে চলার মধ্যে আছি। পার্থক্য শুধু এটুকু, মাঝেমধ্যে থেমে নিজেকেই প্রশ্ন করার চেষ্টা করি।

শুধু টাকা চাইতে চাইতে একসময় আমরা কীসের জন্য টাকা চেয়েছিলাম, সেটিই ভুলে যেতে পারি। ন্যায়, ন্যায্যতা, ভালোবাসা কিংবা নিজের পছন্দের জীবন নিয়ে ভাবার সময় আর থাকে না। আমি ছুটছি, আবার আশপাশের মানুষকেও একই পথে ছুটতে জোর করছি।

বিজ্ঞাপন দেখাচ্ছে তো?

রুটিন জীবনে টিকে থাকার পন্থা যেন একটাই: আয় করো, আরও আয় করো, তারপর সেই আয় দিয়ে নিজের সফলতা প্রমাণ করো।

একদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে বসে আমি বারবার নিজের ওয়েবসাইট পরীক্ষা করছিলাম। বিজ্ঞাপন ঠিকমতো দেখা যাচ্ছে তো? আয় হবে তো?

ঠিক সেই মুহূর্তে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর মমিনুল ইসলাম স্যারের বলা একটি কথা মনে পড়ল। আমার স্মৃতিতে কথাটি এমন:

“যেদিন থেকে তুমি টাকার পেছনে ছুটবে, সেদিন থেকে সুখ তোমার জীবন থেকে হাওয়া হয়ে যাবে।”

কথাটি আমাকে অর্থহীন জীবন বেছে নিতে বলেনি। অর্থ যে প্রয়োজন নেই, সেটিও বলেনি। সম্ভবত প্রশ্নটি ছিল অন্য জায়গায়: টাকা কি আমার জীবনের প্রয়োজন পূরণ করবে, নাকি আমিই টাকার একটি অন্তহীন প্রয়োজন পূরণ করতে করতে শেষ হয়ে যাব?

প্রয়োজনের জন্য অর্থ উপার্জন আর অর্থকেই জীবনের উদ্দেশ্যে পরিণত করা এক বিষয় নয়।

অর্থ এবং সুখকে একে অপরের শত্রু ভাবার প্রয়োজন নেই। আয় বাড়লে মানুষের নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, পছন্দ এবং বিপদ সামলানোর ক্ষমতা বাড়তে পারে। আবার এমন আয়ও আছে, যার সঙ্গে বাড়তে থাকে তুলনা, ভয়, কর্মচাপ এবং আরও বেশি পাওয়ার অস্থিরতা।

কাজেই সমস্যা টাকা থাকার মধ্যে নয়। সমস্যা তখন, যখন টাকা হয়ে ওঠে মর্যাদা, ভালোবাসা, সক্ষমতা এবং জীবনের সার্থকতার একমাত্র মাপকাঠি। তখন আয় যতই বাড়ুক, তুলনা শেষ হয় না; শুধু তুলনার মানুষটি বদলায়।

রুটিনের শেষে

বৃদ্ধ মানুষগুলোর দিকে তাকালে অর্থের প্রশ্নটি আরও গভীর হয়। একদিন চাকরি, আয়, পরিচিতি, প্রতিযোগিতা এবং সামাজিক স্বীকৃতির সমস্ত ব্যস্ততা শেষ হবে। রাত নয়টায় ফোন করার জন্য তখন কাউকে পাওয়া যাবে তো? আমাদের পাঠানো অপ্রয়োজনীয় বার্তাগুলো মন দিয়ে পড়ার মতো কেউ থাকবে তো?

নাকি আমরাও কারও যোগাযোগতালিকায় থেকে যাব, অথচ তার সময়ের তালিকায় আর জায়গা পাব না?

আমরা যে রুটিন বানিয়েছি, সেখানে উপার্জনের সময় আছে, তুলনার সময় আছে, সফলতা প্রদর্শনের সময় আছে; কিন্তু মানুষের পাশে বসে থাকার সময় কতটুকু?

আমি নিশ্চিত নই, এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা আছে কি না। আমি নিজেও কাজের অজুহাতে ফোন এড়িয়ে যাই। নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি। বিজ্ঞাপনের আয় দেখি। স্বীকৃতিও চাই। তারপর কোনো বৃদ্ধ মানুষের ফোন রেখে হঠাৎ ভাবি, শেষ পর্যন্ত আমি কী জমাচ্ছি—টাকা, পরিচিতি, নাকি একদিন ব্যবহারের মতো কিছু সম্পর্ক?

আমরা টাকা উপার্জন করব, কারণ তা প্রয়োজন। আমরা কাজ করব, দায়িত্ব নেব, ভবিষ্যতের নিরাপত্তাও গড়ব। কিন্তু সেই পথে যদি মানুষের জন্য সময়, নিজের পছন্দের কাজ, ন্যায্যতার বোধ এবং জীবনের মানে হারিয়ে ফেলি, তবে রুটিনটি হয়তো সম্পন্ন হবে, জীবনটি নয়।

তথ্যসূত্র ও আরও পাঠ

১. World Health Organization। From Loneliness to Social Connection: Charting a Path to Healthier Societies। সামাজিক বিচ্ছিন্নতা, নিঃসঙ্গতা ও মানবিক সংযোগবিষয়ক কমিশন প্রতিবেদন, ২০২৫। প্রতিবেদনটি দেখুন

২. Mistry, Sabuj Kanti এবং অন্যান্য। “Loneliness and Its Correlates among Bangladeshi Older Adults during the COVID-19 Pandemic.” Scientific Reports, খণ্ড ১২, ২০২২, নিবন্ধ ১৫০২০। মহামারিকালীন বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশি প্রবীণদের নিঃসঙ্গতা নিয়ে প্রাসঙ্গিক আরও পাঠ। গবেষণাটি দেখুন

৩. Buttrick, Nicholas এবং Shigehiro Oishi। “Money and Happiness: A Consideration of History and Psychological Mechanisms.” Proceedings of the National Academy of Sciences, খণ্ড ১২০, সংখ্যা ১৩, ২০২৩। গবেষণাটি দেখুন

৪. Kraft, Pål এবং Brage Kraft। “The Income-Happiness Nexus: Uncovering the Importance of Social Comparison Processes in Subjective Wellbeing.” Frontiers in Psychology, খণ্ড ১৪, ২০২৩। গবেষণাটি দেখুন

মূল রচনা: মোঃ মেহেদি হাসান (মি. বিকেল)

মূল প্রকাশকাল: ২৯ এপ্রিল ২০২৩

পূর্বপ্রকাশ: The BackSpace Journal

বর্তমান সংস্করণ: লেখকের মূল ব্যক্তিগত স্মৃতি, আত্মসমালোচনা, প্রশ্ন ও অবস্থান সংরক্ষণ করে ভাষা ও কাঠামো সম্পাদনা করা হয়েছে। নিঃসঙ্গতা এবং অর্থ-সুখের সম্পর্ক নিয়ে সংক্ষিপ্ত সম্পাদকীয় ব্যাখ্যা ও তথ্যসূত্র সংযোজিত।

লেখক: মোঃ মেহেদি হাসান (মি. বিকেল)

প্রকাশনা ও কপিরাইট: অভিযাত্রী (OVIYATRI)। সর্বস্বত্ব সংরক্ষিত।

আপনার প্রতিক্রিয়া কী?

পছন্দ পছন্দ 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখজনক দুঃখজনক 0
চমৎকার চমৎকার 0
মোঃ মেহেদি হাসান
মোঃ মেহেদি হাসান (কলম নাম: মি. বিকেল)—লেখক, ব্লগার, শিক্ষক এবং ‘অভিযাত্রী (Oviyatri)’ ওয়েবসাইটের প্রধান সম্পাদক ও পরিচালক।

• শিক্ষা: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর।
• প্রকাশনা: প্রথম ছোটগল্প সংকলন ‘জোনাকিরা সব ঘুমিয়ে গেছে’ (রকমারি.কম-এ উপলব্ধ)।
• অন্যান্য: ‘দ্য ব্যাকস্পেস’-এর প্রতিষ্ঠাতা এবং ২০২৩ থেকে মাইক্রোসফট ডেভেলপার প্রোগ্রামে যুক্ত।

যেকোনো প্রশ্ন বা যৌথ কাজের আগ্রহে যোগাযোগ করুন: [email protected]

অভিযাত্রীতে আপনাকে স্বাগতম!