ছোটগল্প: চায়ে চিনি দু’চামচ

পাঁচ বছর পর পুরোনো শহরে ফিরে শাহিন আবিষ্কার করে, অর্থ তাকে প্রতিষ্ঠা দিলেও সুখ, ভালোবাসা ও ফেলে আসা নিজের কাছে ফিরিয়ে নিতে পারেনি।

প্রকাশিত:
হালনাগাদ:
 ০  ৩
ছোটগল্প: চায়ে চিনি দু’চামচ
বদলে যাওয়া শহরের চায়ের দোকানে কড়া চায়ের কাপ হাতে হারানো প্রেম, পুরোনো প্রতিশ্রুতি ও ফেলে আসা জীবনের স্মৃতিতে ডুবে থাকা এক সফল কিন্তু নিঃসঙ্গ মানুষ।

আজ সব আছে, অথচ কিছুই নেই।

অর্থ, অপেক্ষা এবং ফেলে আসা নিজের কাছে ফিরে যাওয়ার গল্প।

একগুচ্ছ গোলাপ আমার হাত থেকে পড়ে গেল। একটু খেয়াল করতেই দেখলাম, একটি রিকশার নাজুক চাকা ফুলের তোড়াটি পিষে দিয়ে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে তা দেখছিলাম।

জীবনে বোধ হয় এমন কিছু সময় আসে, যাকে কোনো কিছু দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। আচ্ছা, এটা কি ভালো সময়? নাকি খারাপ সময়? অথবা স্রেফ ঘড়ির কাঁটায় টিকটিক করে অতিবাহিত হওয়া ‘কিছু সময়’?

হঠাৎ একটি ছোট ছেলে আমার কালো কোট ধরে টানতে টানতে বলল,

‘ভাইয়া, একটা গোলাপ নেবেন?’

আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর স্মৃতির পথ ধরে ফিরে গেলাম ফেলে আসা পাঁচ বছরে। সময়টা ছিল নিজেকে গড়ে তোলার। শরীরে গরম রক্ত, হাতে হাজার রকমের কাজ। ছিল সীমাহীন ব্যস্ততা।

পকেট থেকে চেকবই বের করলাম। ছেলেটির নাম জেনে একটি চেকে এক লাখ টাকা লিখে তার হাতে ধরিয়ে দিলাম। কিন্তু সে চেকটি নিতে চাইল না।

‘আমি চেক চাই না। আপনি আমার কাছ থেকে একটা গোলাপ নিন, ভাইয়া।’

আমি কিছু বলার আগেই আশপাশে কয়েকজন মানুষ জড়ো হয়ে গেল। তারা ছেলেটিকে বোঝাতে লাগল, এই চেক তার কতটা কাজে আসতে পারে। বিব্রতকর পরিস্থিতি থেকে কোনোমতে বেরিয়ে একটি রিকশায় উঠলাম। আবার দেখতে শুরু করলাম শহরটাকে।

এই শহরে আমি শুধু একজনের জন্য অপেক্ষা করেছি। নিজেকে খাটিয়েছি নিরন্তর। এত দিনের সমস্ত শ্রম পণ্ড হয়েছে কি না, জানি না। কিছু স্মৃতি, একটি বিশ্বাস এবং একজন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য একদিন আমারও কিছু টাকার প্রয়োজন ছিল। অন্তত একটু আগে ছেলেটিকে দেওয়া ওই চেকের সমপরিমাণ টাকা হলেও চলত।

কিন্তু তখন এসবের কিছুই ছিল না।
আজ সব আছে, অথচ কিছুই নেই।

শহরটি রং পাল্টেছে। নতুন রূপে সে কাটপিস সুন্দরী। পরিবর্তন পৃথিবীর নিয়ম, কিন্তু এত পরিবর্তন একসঙ্গে হজম করাও কঠিন। একপর্যায়ে রিকশা থেকে নেমে হাঁটতে শুরু করলাম।

এখানে একটি জেলেপাড়া আছে। আমার খুব প্রিয় জায়গা। এখানকার মানুষের পরনে ভালো জামা নেই। আলাদা রান্নাঘর নেই। ঘরে খাওয়ার মতো কিছু আছে কি না, তা-ও জানি না। তবু একটি তপ্ত চুলা আজও জ্বলছে। সেখানে সব সময় পানি গরম করা হয়। বেশ জোরে গান বাজে, আর সেই গান বাছাইয়েরও কোনো নিয়ম নেই।

কিন্তু সবার মুখে আছে অকৃত্রিম হাসি।

জেলেপাড়ার কয়েকজন মেয়ে তপ্ত দুপুরে নদীতে স্নান করছিল। সামনে কোনো পুরুষ মানুষ এলেও তাদের ভ্রুক্ষেপ নেই। এ যেন সংকোচের বাইরে গড়ে ওঠা জীবনের নিজস্ব স্বাভাবিকতা। আমি অপ্রস্তুত হয়ে চোখ ফিরিয়ে নিলাম।

সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দেখলে জায়গাটিকে আমার স্বতন্ত্র একটি জনপদ বলে মনে হতো। তারা এই যুগেই বাস করছে, অথচ তাদের জীবনযাপনে রয়ে গেছে বহু পুরোনো সময়ের ছাপ। ক্যামেরা হাতে নিয়ে কতবার ভেবেছি, আমার পরবর্তী সিনেমার চিত্রায়ণ এখানেই হবে। সেটিও আর হয়ে ওঠেনি।

একদিন পরিচালক বন্ধুকে বলেছিলাম,

‘দোস্ত, তোর পরিচালকের চোখ দিয়ে কি কিছু দেখতে পাচ্ছিস? একটা জনপদ, আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। কয়েকটা ঘোড়া, আস্তাবল, কাঠের বাড়ি... কী, কিছু দেখতে পাচ্ছিস?’

বন্ধু বলেছিল, ‘হবে না। আমাকে খুব দ্রুত ঢাকায় যেতে হবে। কয়েকটা কমার্শিয়াল কাজ হাতে নিয়েছি।’

বন্ধুর মতো বাস্তববাদী হলে হয়তো মন্দ হতো না। কারও জন্য অপেক্ষা করতে হতো না, কিছু স্মৃতি বাঁচিয়ে রাখার অহেতুক চেষ্টাও করতে হতো না।

শেষ পর্যন্ত ওই টাকার কাছেই আমিও হেরে গেলাম।

যে সমাজে টাকা দিয়ে যোগ্যতা মাপা হয়, সেই সমাজে আমি হয়ে গেলাম কোট-টাই পরা কর্পোরেট ভদ্রলোক। এখন সমাজ আমাকে ভালো দাম দেয়। আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলে। সামান্য বকশিশের আশায় ওয়েটারকে অপেক্ষা করতে দেখলেও ভালো লাগে। মনে হয়, আমি যেন এই রাজ্যের রাজা।

কিন্তু যেদিন থেকে টাকার গন্ধ পেয়েছি, সেদিন থেকেই ‘সুখ’ নামের শব্দটির আর খোঁজ মেলেনি।

একদিন হঠাৎ বন্ধু বলল,

‘ফিরে যা। ওই শহরে ফিরে যা, যেখানে তুই নিজেকে রেখে এসেছিস।’

পরিচালক বন্ধুর চিত্রনাট্য আমার পছন্দ হলো। কয়েক দিনের ছুটি নিয়ে ফিরে এলাম এই মফস্বলে। কিন্তু লাভ হলো না। এখানেও আমার জন্য আর কিছু বাকি নেই। ওই পরিত্যক্ত জায়গাটি ছাড়া সবকিছু বদলে গেছে। বড় বড় ভবন দেখে কখনো কখনো শহরটিকে চিনতেও ভুল হচ্ছিল।

শ্রাবণী খুব ব্যস্ত হয়ে পড়েছে। এখন তার সঙ্গে দেখা করতে হলেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অফিসে গিয়ে দেখলাম, টি-শার্টের ওপর কোট পরেছে, সঙ্গে জিনস। সামনে একটি কম্পিউটার, পাশে কয়েকটি টেলিফোন। চোখে চশমা। কম্পিউটারে কী যেন খুঁজছিল।

হাজার হোক, এখানকার স্থানীয় ও প্রভাবশালী পত্রিকার সম্পাদক বলে কথা।

আমাকে দেখে একটুও অবাক হলো না। শুধু বলল,

‘শাহিন কবীর সাহেব, আপনার কী কাজে আসতে পারি?’

আমি মাথা নাড়লাম। ‘দুঃখিত। আমার কোনো কাজ নেই এখানে।’

তারপর আমার ভীরু প্রস্থান।

কিন্তু আবার যাব কোথায়? সেই আবেগহীন কর্পোরেট দুনিয়ায়? না, আমি আর পারছি না। নিজের জীবনই এখন আমার কাছে ভারী মনে হয়।

দূর থেকে কেউ একজন ডাক দিতেই চিন্তার জগৎ থেকে এক ধাক্কায় বেরিয়ে এলাম।

কাছে গিয়ে দেখলাম, আমার অতি পরিচিত রঞ্জনদা। একসময় ভালো গান গাইতেন। বাকি সময় চায়ের দোকান সামলাতেন। তাঁর মতো প্রমিত বাংলা উচ্চারণ এবং এত সুন্দর কণ্ঠ আমি আজও খুব কম শুনেছি।

একদিন বিশ্ববিদ্যালয়ের হল থেকে ফেরার পথে তাঁর কণ্ঠ শুনেছিলাম। থেমে গিয়ে মনোযোগ দিয়ে শুনেছিলাম রঞ্জনদার গান। সেদিন থেকে আমি তাঁর নিয়মিত ক্রেতা। গান ও চা, দুটোরই।

শ্রাবণী আর আমি নিয়মিত এখানেই আসতাম। বিশেষ করে শ্রাবণী আসত রঞ্জনদার কণ্ঠে গান শুনতে। প্রতিদিন জেমসকে ডেকে এনে বিনা পয়সায় গান শোনার তো ব্যবস্থা ছিল না। আর আমাদের কাছে রঞ্জনদার সামনে জেমসও যেন কিছুই নন।

পাঁচ বছর পর আমাকে দেখে তাঁর মধ্যে জমে থাকা হাজারো আড্ডা যেন একসঙ্গে মুখে ফুটে উঠল।

‘শাহিন ভাই, তুমি এখানে হঠাৎ?’

আমি বললাম, ‘দাদা, রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি ওই গানটা আজ আবার গাইবে?’

রঞ্জনদা হাসলেন। ‘না, শাহিন ভাই। তুমি রাস্তা হারালে আমরা কেউ রাস্তা খুঁজে পেতাম না। তবে তুমি একটু দেরি করে ফেলেছ। ধৈর্য আর বিশ্বাস রাখো তোমার দাদার ওপর। আর আমার ক্যাসেট প্লেয়ার ও রেডিও কই?’

আমি বললাম, ‘দাদা, আমি অর্ডার করে দিয়েছি। একটু পরেই এসে যাবে।’

রঞ্জনদা আমার হাতে কড়া লিকারের এক কাপ চা ধরিয়ে দিয়ে জানতে চাইলেন,

‘চিনি কেমন?’

‘দুই চামচ।’

তিনি মাথা নেড়ে কোথায় যেন চলে গেলেন।

পঞ্চাশ বছর বয়সেও তিনি সেই চিরচেনা যুবক। দেখে মনে হয়, এখনই কোনো বিপ্লবে বেরিয়ে পড়বেন। তাঁর তুলনায় নিজেকে জীর্ণশীর্ণ বৃদ্ধ বলে মনে হলো।

সেই কবে তিনি একটি ক্যাসেট প্লেয়ার আর একটি রেডিও চেয়েছিলেন, অথচ আজও আমার মনে আছে। তাঁর কিন্তু আমার পকেটের চেকের প্রতি কোনো আগ্রহ নেই।

সত্যিই, মানুষটির কাছে শেখার আছে অনেক কিছু।

আপাতত তাঁর বানানো দুর্দান্ত চা উপভোগ করি। নইলে আমার জীবনের মতো এটিও ঠান্ডা হয়ে যাবে।

আধা ঘণ্টা পর রঞ্জনদাকে দেখতে পেলাম। এক হাতে ক্যাসেট প্লেয়ার, অন্য হাতে রেডিও। হাঁপাতে হাঁপাতে আমার দিকে এগিয়ে আসছেন।

তাঁর পেছনে দাঁড়িয়ে শ্রাবণী আমার দিকে তাকিয়ে হাসছে।

কাছে এসে রঞ্জনদা শুধু বললেন,

‘সাচ্চা মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না। আর সত্যিকারের মানুষ কখনো আমানতের খেয়ানত করে না, শাহিন ভাই।’

টেবিলের ওপর রাখা চায়ের কাপটির দিকে তাকালাম।

দুই চামচ চিনির চা তখনো পুরোপুরি ঠান্ডা হয়নি।

তথ্যসূত্র ও পূর্বপ্রকাশ

গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল BackSpace Journal-এ, ১৮ ডিসেম্বর ২০২১।

পূর্বপ্রকাশের সূত্র: চায়ে চিনি দু’চামচ

লেখক ও প্রকাশনা

লেখক: মোঃ মেহেদি হাসান

প্রকাশনা ও কপিরাইট: অভিযাত্রী (OVIYATRI)। সর্বস্বত্ব সংরক্ষিত।

আপনার প্রতিক্রিয়া কী?

পছন্দ পছন্দ 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখজনক দুঃখজনক 0
চমৎকার চমৎকার 0
মোঃ মেহেদি হাসান
মোঃ মেহেদি হাসান (কলম নাম: মি. বিকেল)—লেখক, ব্লগার, শিক্ষক এবং ‘অভিযাত্রী (Oviyatri)’ ওয়েবসাইটের প্রধান সম্পাদক ও পরিচালক।

• শিক্ষা: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর।
• প্রকাশনা: প্রথম ছোটগল্প সংকলন ‘জোনাকিরা সব ঘুমিয়ে গেছে’ (রকমারি.কম-এ উপলব্ধ)।
• অন্যান্য: ‘দ্য ব্যাকস্পেস’-এর প্রতিষ্ঠাতা এবং ২০২৩ থেকে মাইক্রোসফট ডেভেলপার প্রোগ্রামে যুক্ত।

যেকোনো প্রশ্ন বা যৌথ কাজের আগ্রহে যোগাযোগ করুন: [email protected]

অভিযাত্রীতে আপনাকে স্বাগতম!