ছোট উপহার, বড় ফাঁদ: ম্যানিপুলেশনের ৫ মনস্তাত্ত্বিক কৌশল

একটি ছোট উপহার, কৃত্রিম ঘাটতি, প্রিয় মুখ, কর্তৃত্ব ও সামাজিক প্রমাণ কীভাবে মানুষের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে? ব্যক্তিগত অভিজ্ঞতা ও পরীক্ষিত পর্যবেক্ষণে জানুন ডার্ক সাইকোলজির ৫টি ভয়ংকর ম্যানিপুলেশন টেকনিক এবং সেগুলো থেকে আত্মরক্ষার উপায়।

প্রকাশিত:
হালনাগাদ:
 ০  ৬
ছোট উপহার, বড় ফাঁদ: ম্যানিপুলেশনের ৫ মনস্তাত্ত্বিক কৌশল
ডার্ক সাইকোলজির ম্যানিপুলেশন কৌশলের প্রতীকী দৃশ্যে সুতো দিয়ে কাঠের পুতুল নিয়ন্ত্রণ করছে একটি হাত; পেছনে উপহার, ঘড়ি, হৃদয়, মুকুট ও মানুষের ছায়া।

মনস্তত্ত্ব • প্রভাব • আত্মরক্ষা

একটি ছোট উপহার, সীমিত সময়ের প্রস্তাব কিংবা পছন্দের মানুষের একটি সুপারিশও আপনার সিদ্ধান্তের গতিপথ বদলে দিতে পারে।

এই কৌশলগুলো সবসময় চোখে দেখা যায় না। কিন্তু কৌশলগুলোর অস্তিত্ব ও কার্যপদ্ধতি জানা থাকলে অনেক অদৃশ্য মানসিক ফাঁদ এড়িয়ে চলা সম্ভব।

১৯৮৪ সালে প্রকাশিত ড. রবার্ট বি. সিয়ালডিনির Influence: The Psychology of Persuasion বইয়ে মানুষের সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করার ছয়টি নীতি ব্যাখ্যা করা হয়েছিল: Reciprocation, Commitment and Consistency, Social Proof, Liking, Authority এবং Scarcity। পরবর্তী সম্প্রসারিত কাঠামোয় Unity যুক্ত হয়েছে।

এই অধ্যায়ে বইটির সব নীতি নয়, ম্যানিপুলেশনের আলোচনায় বিশেষভাবে প্রাসঙ্গিক পাঁচটি নীতি নিয়ে কথা বলছি। নীতিগুলোকে সরাসরি ডার্ক সাইকোলজি বলা পুরোপুরি নির্ভুল হবে না। এগুলো মানুষের সিদ্ধান্ত গ্রহণের স্বাভাবিক প্রবণতা এবং স্বাভাবিক ও নৈতিক যোগাযোগেও কাজ করে।

কিন্তু কেউ যখন পরিকল্পিতভাবে এসব প্রবণতা ব্যবহার করে আমাদের স্বাধীন বিচারবোধ দুর্বল করে দেয় কিংবা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা পর্যাপ্ত তথ্য ও সময় পেলে আমরা নিতাম না, তখন এই নীতিগুলোই ডার্ক সাইকোলজির ম্যানিপুলেশন কৌশলে পরিণত হতে পারে।

এই পাঁচ ধরনের ম্যানিপুলেশন আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে। অর্থবহ এই পাঁচটি কৌশল একই সঙ্গে শক্তিশালী ও ভয়ানক। এগুলো সম্পর্কে অবগত থাকা নিজের সিদ্ধান্ত, অর্থ, সম্পর্ক এবং মানসিক স্বাধীনতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১. বিনিময় (Reciprocation)

Reciprocation হলো এমন একধরনের বিনিময়, যা একসময় দায় হয়ে পড়ে। সেই দায় থেকে মুক্তি পেতে এমন কিছু দিয়ে বসতে পারেন, যার মূল্য আগে পাওয়া জিনিসটির চেয়ে অনেক বেশি।

কেউ আমাদের কিছু দিলে আমরা সাধারণত তার প্রতিদান দিতে চাই। এটি মানুষের স্বাভাবিক সামাজিক প্রবণতা। পরিবার, বন্ধুত্ব ও সমাজে পারস্পরিক সহযোগিতা টিকিয়ে রাখার ক্ষেত্রেও এই প্রবণতা গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ যদি ছোট একটি উপহার কিংবা সাহায্যের মাধ্যমে আমাদের কাছ থেকে তুলনামূলক বড় কোনো সিদ্ধান্ত, অর্থ বা সুবিধা আদায় করতে চান, তখন এই স্বাভাবিক প্রবণতাই ম্যানিপুলেশনে পরিণত হতে পারে।

একটি গল্পের সাহায্যে বিষয়টি আরও পরিষ্কার করা যেতে পারে।

একদিন ট্রেনে করে বাড়ির দিকে ফিরছিলাম। তখন রমজান মাস, আর আমি রোজা রেখেছি। একসময় ট্রেনে দাড়ি-টুপি পরা একজন ব্যক্তির উপস্থিতি টের পেলাম। কাছে এসে তিনি আমাকে দুটি জিনিস দিলেন:

  • রমজান মাসে সেহরি ও ইফতারের সময়সূচি লেখা একটি পাতা;
  • ছোট্ট একটি পবিত্র আল-কোরআন।

সেহরি ও ইফতারের সময়সূচির পাতায় একটি এতিমখানার ছবি ও নাম দেখলাম। এসব দেখার পর তিনি হঠাৎ একটি রসিদ আমার হাতে ধরিয়ে দিলেন। সেখানে ওই এতিমখানায় অনুদান দেওয়ার কথা উল্লেখ ছিল।

আমি কিছুটা ধার্মিক হলেও অনুশীলনকারী মুসলিম নই। তবে রমজান মাসে দানের ফজিলত সম্পর্কে জানি। বাংলাদেশের এতিমখানাগুলোর অবস্থা সম্পর্কেও কিছুটা ধারণা আছে। ওদের জীবন খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়ে ওঠেনি। কিন্তু যেটুকু দেখেছি, তাতে মনে হয়েছে, এতিম শিশুদের জীবন, শিক্ষা ও ভবিষ্যতের দিকে সরকার এবং সমাজের আরও মনোযোগ দেওয়া জরুরি।

এখন এখানে আমার সঙ্গে কী ঘটছে, সেটা কি বুঝতে পারছেন? অথবা এই রমজান মাসে এতিমখানা কিংবা কওমী মাদ্রাসার নাম নিয়ে যদি আপনাকে একটি রসিদ ধরিয়ে দেওয়া হয়, তাহলে আপনি ঠিক কী করবেন? আপনি এ দেশের এতিমখানা সম্পর্কেও জানেন, কওমী মাদ্রাসা সম্পর্কেও জানেন; হোক সেটা একটু কম কিংবা বেশি।

একই সঙ্গে কিছুক্ষণ আগেই ওই ব্যক্তির কাছ থেকে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ দুটি জিনিস গ্রহণ করেছেন। ফলে আপনার সামনে তখন শুধু অনুদান দেওয়ার একটি সাধারণ অনুরোধ নেই। এর সঙ্গে ধর্মীয় আবেগ, এতিম শিশুদের প্রতি সহানুভূতি এবং আগে পাওয়া জিনিস দুটির বিনিময়ে কিছু ফিরিয়ে দেওয়ার মানসিক দায়ও যুক্ত হয়েছে।

আমি তখন নিরেট ছাত্র। পকেটে ওটুকুই থাকত, যা না থাকলে নয়। বাবা বা দাদুর দেওয়া যাত্রাপথের ভাড়া, সঙ্গে সামান্য অতিরিক্ত টাকা। আলাদা কোনো আয় ছিল না। কিন্তু ওই ব্যক্তিকে “না” বলা মুশকিল হয়ে পড়ল।

অন্যদিকে এতিমখানাটি কোথায়, সেটি আদৌ আছে কি না কিংবা সংগৃহীত অর্থ সেখানে পৌঁছাবে কি না, তা খুঁজে বের করার মতো কোনো তাৎক্ষণিক উপায়ও আমার হাতে ছিল না। ট্রেন চলছিল, মানুষটি সামনে দাঁড়িয়ে ছিলেন এবং আশপাশের যাত্রীরাও অনুদান দিচ্ছিলেন। অর্থাৎ সিদ্ধান্তটি যাচাই করে পরে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় কিংবা পরিস্থিতি কোনোটিই সেখানে ছিল না।

শেষ পর্যন্ত যতদূর মনে পড়ে, সাধ্যমতো ৫০ বা ১০০ টাকা দিয়ে দিলাম। খেয়াল করে দেখলাম, আমার বগিতে বসা অন্য যাত্রীরাও বিশেষ কোনো অভিযোগ বা প্রশ্ন ছাড়াই ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দিয়ে যাচ্ছেন।

এখানে একটি কৌশলের সঙ্গে আরেকটি কৌশলও যুক্ত হয়েছিল। ওই ব্যক্তির কাছ থেকে কিছু পাওয়ার কারণে Reciprocation কাজ করছিল। আবার আশপাশের মানুষকে অনুদান দিতে দেখে Social Proof বা সামাজিক প্রমাণও তৈরি হচ্ছিল। আমি দেখছিলাম, অন্য সবাই দিচ্ছেন। ফলে আমার পক্ষেও না বলাটা আরও কঠিন হয়ে পড়েছিল।

আমি কোনোভাবেই বলার চেষ্টা করছি না যে ওই এতিমখানাটি ছিল না, কিংবা রমজানে অনুদান সংগ্রহ করতে আসা সবাই মানুষকে ধোঁকা দেন। না, মোটেই আমি তা বলছি না। আবার দান সংগ্রহের নাম ব্যবহার করে প্রতারণাও ঘটে। নির্দিষ্ট প্রতিষ্ঠানটি তখন যাচাই করতে না পারায় ওই ঘটনার সত্যতা সম্পর্কে আমি এখন চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি না।

কিন্তু তিনি যদি সত্যিই এতিমখানার জন্য অর্থ সংগ্রহ করতে এসে থাকেন, তাহলেও প্রশ্নটি থেকে যায়: অনুদান চাওয়ার আগে আমাদের হাতে কিছু তুলে দেওয়া হলো কেন? সময়সূচির পাতা এবং ছোট্ট পবিত্র আল-কোরআনটির আর্থিক মূল্যের পাশাপাশি আবেগগত ও ধর্মীয় মূল্যও ছিল। এগুলো গ্রহণ করার পর তাকে “না” বলা আগের তুলনায় কঠিন হয়ে গিয়েছিল।

অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠানটি সত্য ছিল কি না, তার উত্তর আমার কাছে নেই। কিন্তু অনুদান চাওয়ার পদ্ধতিতে Reciprocation-এর মানসিক চাপ স্পষ্টভাবেই কাজ করছিল। আগে কিছু দেওয়া হয়েছে; ফলে বিনিময়ে কিছু দেওয়া যেন আমার দায়িত্ব হয়ে উঠেছিল।

কেউ যখন আপনাকে বিনা মূল্যে কিছু দেয়, তখন এর সঙ্গে কোনো অঘোষিত শর্ত আছে কি না, তা ভেবে দেখা জরুরি। ছোট্ট উপহারের জন্য কখনো অনেক বড় মূল্য চুকাতে হতে পারে। আবার কোনো অ্যাপ্লিকেশন সামান্য পুরস্কার, বোনাস কিংবা বিনা মূল্যের সুবিধা দেখিয়ে আপনার ব্যক্তিগত তথ্য, মনোযোগ বা অর্থের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। প্রথমে সুবিধাটি ছোট ও নিরীহ মনে হলেও পরবর্তী সিদ্ধান্তের মূল্য অনেক বেশি হতে পারে।

তবে “ফ্রি” মাত্রই ভুল কিংবা প্রতারণা নয়। আন্তরিক উপহার, নিঃশর্ত সাহায্য এবং পারস্পরিক যত্ন মানুষের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। আপনার কোনো বন্ধু যদি আর্থিক ও মানসিকভাবে আপনার অনেক খেয়াল রাখেন, একসময় তার খেয়াল রাখাকে আপনার দায়িত্ব বলে মনে হতে পারে। সেই অনুভূতি সবসময় ম্যানিপুলেশন নয়।

পার্থক্যটি নির্ভর করে যত্নটি আন্তরিক ও স্বেচ্ছামূলক, নাকি ভবিষ্যতে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিত বিনিয়োগ। উপহারের বিনিময়ে যদি অধিকার দাবি করা হয়, অপরাধবোধ তৈরি করা হয় কিংবা আপনার স্বাধীন সিদ্ধান্তকে অস্বীকার করা হয়, তাহলে সেখানে সতর্ক হওয়ার প্রয়োজন আছে।

নিজেকে প্রশ্ন করুন: উপহারটি না পেলে কি আমি একই সিদ্ধান্ত নিতাম? আমি কি নিজের ইচ্ছায় কিছু দিচ্ছি, নাকি দায়বোধ, ধর্মীয় আবেগ বা সামাজিক অস্বস্তি থেকে দিচ্ছি? সিদ্ধান্তটি পরে নেওয়ার এবং দাবিটি যাচাই করার সুযোগ আমাকে দেওয়া হচ্ছে কি?

২. ঘাটতি তৈরি করা (Scarcity)

কোনো জিনিস দুর্লভ, সীমিত কিংবা অল্প সময়ের জন্য পাওয়া যাচ্ছে বলে মনে হলে মানুষের কাছে সেটির মূল্য বেড়ে যেতে পারে। “আর মাত্র দুটি বাকি”, “আজই শেষ সুযোগ”, “এই ছাড় আর কখনো পাওয়া যাবে না” কিংবা “শুধু নির্বাচিত সদস্যদের জন্য” ধরনের বার্তা এই প্রবণতাকে কাজে লাগায়।

টিউলিপ ম্যানিয়া (Tulip Mania) বা টিউলিপকে ঘিরে তৈরি অর্থনৈতিক জল্পনার কথা হয়তো শুনেছেন। এ নিয়ে অন্তর্জালজুড়ে অনেক কাহিনি রয়েছে। তবে জনপ্রিয় কাহিনির সঙ্গে ইতিহাসের তথ্য সবসময় মেলে না।

সপ্তদশ শতাব্দীর ডাচ প্রজাতন্ত্রে দুর্লভ কিছু টিউলিপ বাল্বের চাহিদা ও দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। বিশেষ করে ১৬৩৩ থেকে ১৬৩৭ সালের মধ্যে এই জল্পনা চূড়ায় পৌঁছায়। কিছু দুর্লভ জাতের সরবরাহ সীমিত ছিল, অথচ সামাজিক মর্যাদা ও ভবিষ্যতে আরও বেশি দামে বিক্রির আশায় চাহিদা দ্রুত বেড়ে যাচ্ছিল। পরে ১৬৩৭ সালে বাজারটি দ্রুত ভেঙে পড়ে।

টিউলিপ ম্যানিয়া নিয়ে একটি জনপ্রিয় গল্পে বলা হয়, কোনো রাজা টিউলিপকে রাজকীয় প্রতীক বানাতে কৃষকদের এর উৎপাদন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। নির্ভরযোগ্য ঐতিহাসিক বিবরণে এই গল্পের ভিত্তি পাওয়া যায় না। ফলে রাজা, উৎপাদন-নিষেধ এবং সাধারণ মানুষকে টিউলিপ থেকে দূরে রাখার যে গল্পটি প্রচলিত, সেটিকে ইতিহাস হিসেবে গ্রহণ করা ঠিক হবে না।

প্রকৃত ঘটনায় দুর্লভ জাতের সীমিত সরবরাহ, ক্রমবর্ধমান চাহিদা, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ মূল্যবৃদ্ধির প্রত্যাশা একসঙ্গে কাজ করেছিল। অনেক ক্ষেত্রে বাল্ব মাটি থেকে তোলার আগেই সেটির ভবিষ্যৎ বিক্রির চুক্তি একাধিকবার হাতবদল হতো। মানুষের আগ্রহ শুধু ফুলের সৌন্দর্যে সীমাবদ্ধ ছিল না; তারা আরও বেশি দামে বিক্রি করার আশায় বাজারে প্রবেশ করছিলেন।

অর্থাৎ এখানে একটি বস্তু দুর্লভ বলে তার মূল্য বেড়েছে, আবার মূল্য বাড়ছে দেখে আরও মানুষ সেটিকে দুর্লভ ও গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করেছেন। বাস্তব ঘাটতি, সামাজিক মর্যাদা এবং জল্পনা একে অন্যকে শক্তিশালী করেছে।

আমাদের পরিচিত বাজারেও ঘাটতির প্রভাব দেখা যায়। ধরুন, পেঁয়াজের আমদানি কিংবা সরবরাহ হঠাৎ কমে গেল। বাজারে পেঁয়াজের পরিমাণ সত্যিই কমে গেলে দাম বাড়তে পারে। এটি বাস্তব ঘাটতি।

কিন্তু কোনো বিক্রেতার কাছে যথেষ্ট পণ্য থাকার পরও তিনি যদি “আর মাত্র তিনটি বাকি” কিংবা “দশ মিনিট পর মূল্য দ্বিগুণ হয়ে যাবে” বলে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেন, তখন সেটি কৃত্রিম ঘাটতি হতে পারে। আপনাকে পণ্যটির গুণমান বিচার করার সময় না দিয়ে হারিয়ে ফেলার ভয় দেখানোই সেখানে মূল উদ্দেশ্য।

ঠিক তেমনি বড় তারকারা ইচ্ছা করেই নিজেদের সবসময় সবার কাছে সহজলভ্য রাখেন না। তাদের পর্দায় থাকার সময়, কোনো অনুষ্ঠানে উপস্থিতি কিংবা জনসমক্ষে কথা বলার একটি মূল্য আছে। যদি তারা সবসময় সবখানে যান, তাহলে সেই উপস্থিতির মূল্য কি একই থাকবে? থাকলেও সেটি কি কিছুটা হ্রাস পাবে না?

একটি মজার প্রবাদ আছে, “সে-ই সবচেয়ে ভালো আত্মীয়, যে আত্মীয়ের বাড়িতে যায়-ই না।” কথাটি নিশ্চয়ই আক্ষরিক সত্য নয়। কিন্তু ঘনঘন উপস্থিতি কখনো মানুষের ব্যক্তিগত পরিসর সংকুচিত করতে পারে। খুব কাছের বন্ধুর সঙ্গেও সবসময় কথা বলা কিংবা দেখা করা সম্পর্ককে ক্লান্ত করে তুলতে পারে, যদি সেখানে ব্যক্তিগত সময় ও সীমার প্রতি সম্মান না থাকে।

আবার উল্টো দিকও আছে। ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকা, বারবার যোগাযোগ বন্ধ করে দেওয়া কিংবা ভালোবাসা প্রত্যাহারের ভয় দেখিয়ে অন্যের আগ্রহ বাড়ানো স্বাস্থ্যকর দূরত্ব নয়। সেটি Scarcity-কে সম্পর্কের মধ্যে ম্যানিপুলেশনের কৌশল হিসেবে ব্যবহার করা।

তাই কোনো সীমিত সুযোগ সামনে এলে ভাবুন: ঘাটতিটি সত্যিই বাস্তব, নাকি আমাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ানোর জন্য তৈরি করা হয়েছে? পণ্যটি অসীম পরিমাণে পাওয়া গেলেও কি আমি এটি কিনতে চাইতাম? সময়সীমার চাপ না থাকলে কি সিদ্ধান্তটি একই হতো?

৩. পছন্দ (Liking)

এই ম্যানিপুলেশন আমাদের জীবনযাত্রা, সম্পর্ক এবং কেনাকাটায় গভীর প্রভাব ফেলতে পারে। পছন্দের অভিনেতা বা অভিনেত্রী যে পোশাক পরছেন, আপনিও সেই পোশাক পরছেন কিংবা পরতে চাইছেন। তিনি যে প্রসাধনী ব্যবহার করছেন বলে বিজ্ঞাপনে দেখানো হচ্ছে, সেটিই আপনার পছন্দ হয়ে উঠছে।

প্রিয় ক্রিকেটার কোনো পণ্যের বিজ্ঞাপনে কাজ করলে পণ্যটিও আপনার কাছে প্রিয় বা বিশ্বাসযোগ্য মনে হতে পারে। কারণ এখানে পণ্যের চেয়ে প্রচারকারী ব্যক্তিটি আপনার বেশি পরিচিত ও প্রিয়। সেই ব্যক্তির প্রতি আপনার ভালো লাগা অজান্তেই পণ্য, প্রতিষ্ঠান কিংবা দাবিটির ওপর স্থানান্তরিত হচ্ছে।

আমাদের বন্ধুদের মধ্যে কেউ প্রেমে পড়লে আমরা সবাই তাকে নিয়ে মজা করতাম। বলতাম, “এখন তো ওর ওই গ্রামের কুকুরও পছন্দ!” কথাটি হাসির হলেও এর মধ্যে মানুষের একটি স্বাভাবিক প্রবণতা আছে। কাউকে গভীরভাবে পছন্দ করলে তার সঙ্গে সম্পর্কিত মানুষ, স্থান ও বস্তুর প্রতিও আমাদের ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে।

ধরুন, আপনার পছন্দের মানুষটি কোনো নির্দিষ্ট গান পছন্দ করেন। কিছুদিন পর দেখবেন, গানটি আপনার কাছেও আগের চেয়ে ভালো লাগছে। তিনি কোনো রেস্তোরাঁয় যেতে পছন্দ করেন, ফলে রেস্তোরাঁটিও আপনার কাছে বিশেষ হয়ে উঠতে পারে। মানুষের সঙ্গে সম্পর্কিত আবেগ আশপাশের বস্তুর ওপর ছড়িয়ে পড়া অস্বাভাবিক নয়।

কিন্তু সবকিছুর একটি সীমা আছে। কাউকে আল্লাহ বা ঈশ্বরের মতো নির্ভুল ভাববেন না। কাউকে পছন্দ করা খারাপ কিছু নয়; কিন্তু প্রিয় ব্যক্তিটিও মানুষ। একজন মানুষ হিসেবে তারও ভুল হতে পারে, বিচারবোধ দুর্বল হতে পারে এবং অর্থের বিনিময়ে এমন পণ্যের প্রচার করতে পারেন, যার প্রকৃত ঝুঁকি সম্পর্কে তিনি নিজেই যথেষ্ট জানেন না।

এ দেশের অত্যন্ত জনপ্রিয় কোনো ক্রিকেটার কিংবা অভিনেতা একটি আর্থিক পণ্য, অনলাইন গেম বা বেটিং-সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে কাজ করতে পারেন। তার জনপ্রিয়তা দেখে মানুষ পণ্যটিকে নিরাপদ ভাবতে পারেন। কিন্তু মাঠে ভালো খেলা কিংবা পর্দায় ভালো অভিনয় করা আর কোনো আর্থিক সেবার ঝুঁকি যাচাই করা একই দক্ষতা নয়।

কাউকে পছন্দ করার কারণে তার প্রতিটি সিদ্ধান্তকে ভালো, নিরাপদ কিংবা নৈতিক ধরে নেওয়া উচিত নয়। জনপ্রিয় ব্যক্তি ভুল করতে পারেন। তার প্রচার করা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযোগ থাকতে পারে। আবার তিনি নিজেও হয়তো বিজ্ঞাপনের দাবি পুরোপুরি যাচাই করেননি।

তাই ভুল বুঝে আবার মন্তব্যে কোনো বিখ্যাত ক্রিকেটারের নাম লিখতে যাবেন না! এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বিচার করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো বোঝানো, পছন্দের মানুষের জনপ্রিয়তাকে কোনো পণ্যের নিরাপত্তা বা গুণমানের প্রমাণ হিসেবে গ্রহণ করা উচিত নয়।

বিজ্ঞাপনের পরিচিত মুখটিকে নয়, তার দাবিটিকে যাচাই করুন। বিজ্ঞাপনটি অর্থের বিনিময়ে করা হয়েছে কি না, পণ্যের প্রকৃত ঝুঁকি কী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত কি না এবং স্বাধীন ব্যবহারকারীদের অভিজ্ঞতা কেমন, সেদিকে নজর দিন।

৪. কর্তৃত্বের নীতি (Authority)

কোনো ক্ষেত্রে কেউ ভালো করেছেন এবং তার প্রমাণও আছে। কিন্তু জরুরি নয় যে তিনি ওই ক্ষেত্রের সবকিছু জানেন। অতীতে সফল হয়েছেন বলেই বারবার সেই ক্ষেত্রে সফল হতেই থাকবেন, এমন নিশ্চয়তাও নেই।

অথচ আমরা প্রায়ই সফল ব্যক্তি, বিশেষজ্ঞ, নেতা কিংবা কর্তৃত্বপূর্ণ পদে থাকা মানুষের কথা তুলনামূলক কম প্রশ্ন করে মেনে নিই। তিনি সফল, তাই তিনি যা বলছেন সেটিও নিশ্চয়ই সঠিক, এই মানসিক সংক্ষিপ্ত পথ আমাদের বিচারবোধকে দুর্বল করতে পারে।

প্রকৃত বিশেষজ্ঞের কথা গুরুত্ব দিয়ে শোনার মধ্যে সমস্যা নেই। পৃথিবীর সব বিষয়ে নিজে বিশেষজ্ঞ হওয়া সম্ভবও নয়। চিকিৎসা, আইন, প্রযুক্তি কিংবা অর্থনীতির জটিল বিষয়ে আমাদের বিশেষজ্ঞের সাহায্য প্রয়োজন।

সমস্যা শুরু হয় তখন, যখন পদবি, পোশাক, জনপ্রিয়তা, ধর্মীয় পরিচয়, আয়ের পরিমাণ কিংবা অতীতের সাফল্যকে কোনো দাবির চূড়ান্ত প্রমাণ ধরে নেওয়া হয়।

অমুক বাবা বা হুজুর ভালো জানেন বলেই পৃথিবীতে আর কোনো ভণ্ড বাবা বা হুজুর নেই, এই যুক্তিতে সমস্যা আছে। একইভাবে একজন চিকিৎসক, শিক্ষক, উদ্যোক্তা বা প্রযুক্তিবিদ একটি বিষয়ে দক্ষ হলেই তার সব বক্তব্য সমানভাবে সত্য হয়ে যায় না। কর্তৃত্বের প্রতি এই অন্ধ বিশ্বাসকে কাজে লাগিয়েই বহু মানুষের ধান্দা আজও চলছে।

উদাহরণস্বরূপ, আমি ওয়েবসাইট ও গুগলভিত্তিক কাজ সম্পর্কে কিছু জানি। সেখান থেকে আয়ের ব্যক্তিগত অভিজ্ঞতা ও রেকর্ডও আমার আছে। কিন্তু তাই বলে আমি বারবার ছয় অঙ্ক অতিক্রম করব এবং একদিন হঠাৎ সাত অঙ্কে পৌঁছে যাব, এই বিশ্বাস অপরিণত ও খুব বেশি বাস্তবসম্মত নয়।

আমার আগের সাফল্য ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনা সম্পর্কে কিছু ধারণা দিতে পারে। কিন্তু সেটি নিশ্চয়তা নয়। বাজার বদলাতে পারে, প্রযুক্তি বদলাতে পারে, গুগলের নীতি বদলাতে পারে, আমার নিজের সিদ্ধান্তেও ভুল থাকতে পারে।

আবার যিনি এসব কাজ সম্পর্কে কিছুই জানেন না, তিনি একই ব্যবসা খুলে বসলে ছয় অঙ্ক তো অনেক দূর, তিন অঙ্ক অতিক্রম করতেও সমস্যায় পড়তে পারেন। অভিজ্ঞতা এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু যিনি আগে ছয় অঙ্ক অতিক্রম করেছেন, তাকেও সবসময় প্রশ্নহীনভাবে বিশ্বাস করা যাবে না। তারও ভুল হতে পারে। কখনো সেই ভুল ভয়ংকরও হতে পারে।

এমনকি একজন বিশেষজ্ঞ নিজের দক্ষতার বাইরের বিষয়ে কথা বললেও আমরা তার পরিচিত পদবি দেখে বিশ্বাস করতে পারি। একজন বিখ্যাত চিকিৎসক অর্থনীতি সম্পর্কে মত দিলে চিকিৎসাক্ষেত্রের সুনাম অর্থনীতির দাবিটিকে সত্য করে না। একজন সফল ব্যবসায়ী চিকিৎসা নিয়ে কথা বললে ব্যবসায়িক সাফল্য তাকে চিকিৎসাবিশেষজ্ঞ বানায় না।

সুতরাং কোনো কর্তৃত্ব যখন আপনাকে দিয়ে কিছু করাচ্ছে, কোনো পণ্য গছিয়ে দিচ্ছে কিংবা কোনো বক্তব্য প্রশ্ন ছাড়াই মেনে নিতে বলছে, তখন দেখুন তিনি সত্যিই সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত কর্তৃত্ব কি না।

আপনার Intuition বা স্বজ্ঞা কোনো অসামঞ্জস্যের প্রাথমিক সংকেত দিতে পারে। ইংরেজিতে যাকে আমরা কখনো “ভাইব” বলি। কোনো ব্যক্তির আচরণ, কথাবার্তা ও দাবির মধ্যে অসামঞ্জস্য থাকলে সেই অনুভূতিকে পুরোপুরি অগ্রাহ্য করার দরকার নেই।

কিন্তু শুধু ভাইবকে প্রমাণ ধরে নেওয়াও উচিত নয়। ব্যক্তির প্রাসঙ্গিক যোগ্যতা, বাস্তব অভিজ্ঞতা, দাবির পক্ষে প্রমাণ, সম্ভাব্য স্বার্থের সংঘাত এবং অন্য যোগ্য বিশেষজ্ঞদের মতামতের সঙ্গে সেটি মিলিয়ে দেখুন। সত্যিকারের কর্তৃত্ব সাধারণত নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে এবং যুক্তিসংগত প্রশ্নের উত্তর দিতে ভয় পায় না।

৫. সামাজিক প্রমাণ (Social Proof)

ধরুন, আমি একটি মেয়েকে পছন্দ করি। এখন আমি তাকে বললাম, “দেখো, আমার এই এই যোগ্যতা আছে, এত টাকা আছে, আমার কাছে প্রয়োজনীয় বাড়ি ও গাড়ি আছে। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে?”

ওহুম, এই ট্রিক কিন্তু সহজে কাজে আসবে না। কারণ নিজের মুখে নিজের যোগ্যতার তালিকা দিলে সেটি প্রমাণের চেয়ে আত্মপ্রচার বলেই বেশি মনে হতে পারে। মেয়েটি ভাবতে পারে, কথাগুলো তো আমি নিজেই নিজের সম্পর্কে বলছি। সত্য-মিথ্যা যাচাই করবে কীভাবে?

এবার আমি যদি তাকে বলি, “রিয়া আমাকে আজ এটা বলল! টিনা আমার সঙ্গে দেখা করতে চায়, এ জন্য সে খুব অস্থির হয়ে আছে। আর মিনা? সে তো সেদিন রেস্টুরেন্টে আমার সঙ্গে ডিনার করল।”

মেয়েটি অন্তত এক মিনিটের জন্য ভাবতে পারে, “এর মধ্যে এমন কী আছে? রিয়া, টিনা ও মিনা সবাই যখন একে সময় দিচ্ছে, তখন নিশ্চয়ই লোকটির মধ্যে বিশেষ কিছু আছে।”

অর্থাৎ, অন্য নারীদের আগ্রহকে আমি নিজের গ্রহণযোগ্যতার সামাজিক প্রমাণ হিসেবে হাজির করলাম। মেয়েটি ভুলভাবে এমন অনুমানও করতে পারে যে, অন্য নারীরা আমাকে গ্রহণ করেছে বলে আমি হয়তো নিরাপদ, জনপ্রিয় কিংবা সম্পর্কের জন্য উপযুক্ত।

তার মনে এমন প্রশ্নও জাগতে পারে, “ইতোমধ্যে যদি এত মানুষ তার প্রতি আগ্রহী হয়, তাহলে নিশ্চয়ই আমি এমন কিছু দেখতে পাচ্ছি না, যা অন্যরা দেখেছে।” এই প্রশ্নটি কৌতূহল তৈরি করতে পারে। কৌতূহল থেকে আগ্রহ, আগ্রহ থেকে প্রতিযোগিতাবোধ এবং প্রতিযোগিতাবোধ থেকে দ্রুত সিদ্ধান্ত তৈরি হতে পারে।

ফলে মেয়েটি আমার প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে। সামাজিক প্রমাণ বোঝাতে উদাহরণটি কিছুটা লঘু মনে হলেও এর ভেতরের কৌশল মোটেই লঘু নয়। এখানে নিজের যোগ্যতার প্রত্যক্ষ প্রমাণ দেওয়া হচ্ছে না; বরং অন্য মানুষের কথিত আগ্রহকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

রিয়া, টিনা ও মিনার আগ্রহ সত্য হলে এটি একধরনের বাস্তব সামাজিক সংকেত। তবে বাস্তব সামাজিক সংকেতও চূড়ান্ত প্রমাণ নয়। অনেক মানুষ কাউকে পছন্দ করলেই তিনি সৎ, নিরাপদ কিংবা সম্পর্কের জন্য উপযুক্ত হয়ে যান না।

আর রিয়া, টিনা ও মিনার কথা বানানো, বাড়িয়ে বলা কিংবা নির্বাচিতভাবে উপস্থাপন করা হলে সেটি ম্যানিপুলেশন। লক্ষ্য ব্যক্তির মধ্যে কৌতূহল, প্রতিযোগিতাবোধ, ঈর্ষা কিংবা হারিয়ে ফেলার ভয় তৈরি করাই তখন উদ্দেশ্য।

হয়তো রিয়া শুধু সাধারণ একটি কথা বলেছেন, টিনা কোনো প্রয়োজনীয় কাজে দেখা করতে চেয়েছেন এবং মিনার সঙ্গে নৈশভোজে আরও কয়েকজন মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু আমি তথ্যগুলো এমনভাবে সাজালাম, যেন সবাই আমার প্রতি রোমান্টিকভাবে আগ্রহী। তথ্য পুরোপুরি মিথ্যা না হলেও নির্বাচিত উপস্থাপনার মাধ্যমে একটি মিথ্যা ধারণা তৈরি করা সম্ভব।

এই কৌশল কাজ করতে পারে বলেই এটি নৈতিক হয়ে যায় না। বরং কৌশলটি কীভাবে কাজ করে, তা জানা থাকলে পাঠক বুঝতে পারবেন, অন্যের জনপ্রিয়তা কিংবা বহু মানুষের আগ্রহ কোনো ব্যক্তির সততা, নিরাপত্তা বা জীবনসঙ্গী হিসেবে উপযুক্ততার চূড়ান্ত প্রমাণ নয়।

তবে Social Proof সবসময় মানুষকে ফাঁদে ফেলে না। অনেক সময় এটিই মানুষকে ফাঁদ থেকে রক্ষা করে।

ধরুন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বহু স্বাধীন মানুষ একই ধরনের প্রতারণা, আর্থিক ক্ষতি কিংবা অসদাচরণের অভিজ্ঞতা জানাচ্ছেন। অভিযোগগুলোর ভাষা, ঘটনার ধরন ও ক্ষতির পদ্ধতিতে মিল আছে। মানুষগুলো পরস্পরের সঙ্গে যুক্ত নন এবং একই প্রচারণার অংশও নন।

তাদের দেওয়া রসিদ, বার্তা, লেনদেনের তথ্য, স্ক্রিনশট কিংবা অন্য কোনো প্রমাণও যাচাই করা যাচ্ছে। এ অবস্থায় সেই সামাজিক প্রমাণ সম্ভাব্য বিপদের গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হতে পারে।

একইভাবে কোনো পণ্য বা সেবা সম্পর্কে বিশ্বস্ত মানুষের বাস্তব অভিজ্ঞতা আমাদের ভালো সিদ্ধান্ত নিতেও সাহায্য করতে পারে। ধরুন, আপনার পরিচিত কয়েকজন মানুষ আলাদাভাবে একই সেবা ব্যবহার করেছেন এবং প্রত্যেকে প্রায় একই ইতিবাচক কিংবা নেতিবাচক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের অভিজ্ঞতা আপনার জন্য একটি প্রাথমিক দিকনির্দেশনা হতে পারে।

কিন্তু সামাজিক প্রমাণও যাচাই ছাড়া গ্রহণ করা যাবে না। ভুয়া পর্যালোচনা, কেনা অনুসারী, সাজানো প্রশংসাপত্র, কাল্পনিক গ্রাহক এবং অর্থের বিনিময়ে তৈরি সুপারিশকে বাস্তব জনপ্রিয়তা হিসেবে দেখানো হতে পারে।

একই ভাষায় লেখা অস্বাভাবিক সংখ্যক পর্যালোচনা, অল্প সময়ের মধ্যে হঠাৎ প্রশংসার ঢল, কাজের কোনো ইতিহাস নেই এমন প্রোফাইল এবং শুধু একটি প্রতিষ্ঠানকে প্রশংসা করার জন্য তৈরি অ্যাকাউন্ট সন্দেহের কারণ হতে পারে। আবার কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন্বিতভাবে ভুয়া অভিযোগ ছড়িয়েও কৃত্রিম নেতিবাচক সামাজিক প্রমাণ তৈরি করা সম্ভব।

সুতরাং প্রশ্নটি শুধু “অন্যরা কী করছে?” নয়। আসল প্রশ্ন হলো, যাদের আচরণ বা মতামতকে প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে, তারা কি বাস্তব? তাদের অভিজ্ঞতা কি পরস্পর থেকে স্বাধীন ও যাচাইযোগ্য? তাদের বক্তব্যের সঙ্গে প্রমাণ মিলছে কি? নাকি আমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করার জন্য সাজানো একটি দৃশ্য দেখানো হচ্ছে?

প্রভাব ও ম্যানিপুলেশনের সীমারেখা

বিনিময়, ঘাটতি, পছন্দ, কর্তৃত্ব এবং সামাজিক প্রমাণ মানুষের সিদ্ধান্ত গ্রহণের স্বাভাবিক অংশ। আন্তরিক উপহার, বাস্তব সীমিত সরবরাহ, বিশ্বস্ত মানুষের সুপারিশ, যোগ্য বিশেষজ্ঞের পরামর্শ এবং যাচাইযোগ্য সামাজিক অভিজ্ঞতা আমাদের ভালো সিদ্ধান্ত নিতেও সাহায্য করতে পারে।

সমস্যা নীতিগুলোর অস্তিত্বে নয়। সমস্যা হলো, এগুলো কী উদ্দেশ্যে এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে। সত্য গোপন, কৃত্রিম জরুরি অবস্থা, অপরাধবোধ, মিথ্যা কর্তৃত্ব, ভুয়া জনপ্রিয়তা কিংবা আবেগগত চাপ ব্যবহার করে সিদ্ধান্ত আদায় করা হলে সেটি ম্যানিপুলেশন।

নৈতিক প্রভাব বিস্তারে মানুষকে যথেষ্ট তথ্য, প্রয়োজনীয় সময় এবং “না” বলার স্বাধীনতা দেওয়া হয়। ম্যানিপুলেশনে এই তিনটির অন্তত একটি কেড়ে নেওয়া হয়। আপনাকে তাড়াহুড়া করানো হয়, তথ্যের একটি অংশ গোপন রাখা হয় কিংবা “না” বললে অপরাধী মনে করানো হয়।

তাই নিজেকে জিজ্ঞেস করুন: আমাকে কি যথেষ্ট ও সত্য তথ্য দেওয়া হয়েছে? সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় ও স্বাধীনতা পাচ্ছি কি? ভয়, দায়বোধ, তাড়াহুড়া কিংবা সামাজিক চাপ না থাকলেও কি আমি একই সিদ্ধান্ত নিতাম?

তথ্যসূত্র ও রেফারেন্স

সম্পাদকীয় নোট: ট্রেনযাত্রা, ছাত্রজীবন, ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত কাজ এবং সংশ্লিষ্ট পর্যবেক্ষণগুলো লেখকের নিজস্ব অভিজ্ঞতাভিত্তিক বর্ণনা। লেখক জানিয়েছেন, এসব অভিজ্ঞতা একান্ত তাঁর নিজের এবং অধিকাংশ পর্যবেক্ষণ তাঁর ব্যক্তিগত প্রয়োগ ও অভিজ্ঞতায় পরীক্ষিত। এগুলো ঐতিহাসিক তথ্যসূত্রের বিকল্প হিসেবে নয়, আলোচিত মনস্তাত্ত্বিক নীতিগুলোর অভিজ্ঞতালব্ধ উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে।

লেখক ও রচনা-সূত্র

লেখক: মোঃ মেহেদি হাসান (মি. বিকেল)

রচনার ধরন: ডার্ক সাইকোলজিবিষয়ক নিবন্ধ

লেখার সূত্র: লেখকের মৌলিক রচনা, নিজস্ব অভিজ্ঞতা ও পরীক্ষিত পর্যবেক্ষণ

সম্পাদনা বিভাগ: অভিযাত্রী সম্পাদকীয় প্যানেল

লেখাস্বত্ব: © মোঃ মেহেদি হাসান (মি. বিকেল)। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রকাশনার অধিকার: অভিযাত্রী (OVIYATRI) সংরক্ষণ করে।

আপনার প্রতিক্রিয়া কী?

পছন্দ পছন্দ 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখজনক দুঃখজনক 0
চমৎকার চমৎকার 0
মোঃ মেহেদি হাসান
মোঃ মেহেদি হাসান (কলম নাম: মি. বিকেল)—লেখক, ব্লগার, শিক্ষক এবং ‘অভিযাত্রী (Oviyatri)’ ওয়েবসাইটের প্রধান সম্পাদক ও পরিচালক।

• শিক্ষা: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর।
• প্রকাশনা: প্রথম ছোটগল্প সংকলন ‘জোনাকিরা সব ঘুমিয়ে গেছে’ (রকমারি.কম-এ উপলব্ধ)।
• অন্যান্য: ‘দ্য ব্যাকস্পেস’-এর প্রতিষ্ঠাতা এবং ২০২৩ থেকে মাইক্রোসফট ডেভেলপার প্রোগ্রামে যুক্ত।

যেকোনো প্রশ্ন বা যৌথ কাজের আগ্রহে যোগাযোগ করুন: [email protected]

অভিযাত্রীতে আপনাকে স্বাগতম!